TMC-BJP Clash

একবালপুরের তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ন’জন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জোড়া মামলা দায়ের

সোমবার রাতে হোসেন শাহ রোডে ঘটনাটি ঘটে। ঘটনার তিনটি এফআইআর দায়ের কারা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করানো হবে।

বিজেপি কর্মীদের টেনেহিঁচড়ে সরিয়ে দিচ্ছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:২৮

সোমবার রাতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় একবালপুর। সেই ঘটনায় পুলিশ ন’জনকে গ্রেফতার করেছে। কলকাতা বন্দর বিধানসভার বিজেপি প্রার্থী রাকেশ সিংহের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হয়েছে। 

পুলিশ সূত্রের খবর, সোমবারের ঘটনায় মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। দু’টি এফআইআর বিজেপি প্রার্থী রাকেশ সিংহের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। ঘটনায় মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে পাঁচজন বিজেপির কর্মী, চারজন তৃণমূল কর্মী রয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে হাজির করানো হবে। 

অভিযোগ, গন্ডগোলের সময় পুলিশ কর্মীদের বডিক‍্যাম ছিনতাই করে নেওয়া হয়েছে। এমনকী, পুলিশের সার্ভিস রিভলভার ছিনতাই করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। দাবি, তাঁদের ন’জন পুলিশকর্মী ঘটনায় জখম হয়েছেন। দুই মহিলা-সহ তিনজন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলেও দাবি করা হয়েছে। এ ছাড়াও, সরকারি কর্মীদের কাজ করতে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে। 

উল্লেখ্য, সোমবার রাতে একবালপুরের হোসেন শাহ রোডে দুই রাজনৈতিক দলের মধ্যে ঘটনাটি ঘটে। সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি পথসভা আয়োজন করা হয়েছিল। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা প্রথমে সেই সভামঞ্চের সামনে এসে স্লোগান দেয়। পাল্টা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরেই হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। ঘটনায় তিন জন বিজেপি জখম হয়েছেন।


Share