Mothabari Incident

মোথাবাড়ির বিডিও অফিসের সামনে তান্ডবের ঘটনার তদন্ত করবে এনআইএ, তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিল নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৬ তারিখ শীর্ষ আদালতের কাছে প্রাথমিক রিপোর্ট দিতে হবে। তার সঙ্গে ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে তদন্তকারী সংস্থার অধিকারিককে।

মোথাবাড়িকান্ডে এনআইএ তদন্তের নির্দেশ কমিশনের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:১৫

মোথাবাড়ির বিডিও অফিসে তান্ডব এবং বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর হামলার ঘটনার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এনআইএ-এর ডিজিকে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

প্রথমে জানা গিয়েছিল, ঘটনার তদন্তভার নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই। কিন্তু তাঁদেরকে এমন ঘটনার তদন্তভার দিল না নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এনআইএ-এর ডিজিকে তদন্তভার গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৬ তারিখ শীর্ষ আদালতের কাছে প্রাথমিক রিপোর্ট দিতে হবে। তার সঙ্গে ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে সংস্থার তদন্তকারী অধিকারিককে।

বুধবার রাতের ঘটনার পরে স্বঃতপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানিতে রাজ‍্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ-কে দিয়ে করাতে নির্দেশ দেয়। তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্টে দাখিল করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি। কোন সংস্থা কে দিয়ে তদন্ত করালে উপযুক্ত হবে, তা নির্বাচন কমিশনের ওপরে ছেড়ে দেয় সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের নির্দেশ মেনেই জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোনও ঘটনায় জঙ্গিযোগ, দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহের এনআইএ তদন্ত করে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ঘের‍াও এবং হামলার ঘটনাতেও দেশ বিরোধী কার্যকলাপ বা অন্য কোনও ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে বলেও মনে করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ঘটনায় ইতিমধ্যে আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়। তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঘটনার তদন্ত করবে এনআইএ। তাঁরা পৃথক একটি এফআইআর করবে। কালিয়াচক থানায় গিয়ে তদন্তভার গ্রহণ করবে। ঘটনাস্থলেও যেতে পারেন তাঁরা।


Share