Poll Counting

রাত পোহালেই ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগরে কোন দিকে পাল্লা ভারী? নজরে দুই উপনির্বাচন

শুক্রবার সকাল ৮টা থেকে নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের গণনা শুরু হবে। দুই কেন্দ্রের ফলেই স্পষ্ট হবে বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য প্রার্থীদের লড়াইয়ের শেষ সমীকরণ, আর কার দখলে যাবে বিধানসভা আসন।

(বাঁ দিক থেকে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নওদার বিধায়ক হুমায়ুন কবির।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১১:৫০

রাত পোহালেই ভোটবাক্স খুলবে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হবে মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা। মঙ্গলবার ভোটগ্রহণের পর থেকেই দুই কেন্দ্রের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল রয়েছে। ভোটের দিন দুই কেন্দ্রেই শাসকদলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলেছিল বিরোধীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল বিজেপি।

নন্দীগ্রামের উপনির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরও জেতার পর তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। ফলে উপনির্বাচনের প্রয়োজন হয়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। তিনি পঞ্চায়েত সমিতির বিজেপির কর্মাধ্যক্ষ ছিলেন। অন্য দিকে, কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ এহেতাশ মুল হক। সিপিআইয়ের হয়ে লড়েছেন শান্তিগোপাল গিরি।

নন্দীগ্রামে ভোটের আগেই গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সিপিএমের জমানায় ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি পুরনো খুনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের বিরুদ্ধে অপহরণ এবং প্রার্থিপদ প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার অভিযোগও করেন কংগ্রেস নেতা মিলন। কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিনে মুক্ত তিনি। ২১ অক্টোবর হলদিয়া আদালতে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

রেজিনগরেও সমীকরণ কম জটিল নয়। ২০২৬-এর ভোটে রেজিনগর থেকে জিতেছিলেন হুমায়ুন কবির। পরে নওদা আসন রেখে রেজিনগর ছেড়ে দেন তিনি। উপনির্বাচনে নিজের পুত্র গোলাম নবি আজাদকে প্রার্থী করেন। তবে ফলপ্রকাশের আগেই হুমায়ুন দাবি করেছেন, শুভেন্দু কথা রাখেননি এবং তাঁর পুত্রও ‘গদ্দারি’ করেছেন। রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। গোলামও রেজিনগরে বিজেপির বড় জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন এবং ভোট লুটের অভিযোগ তুলেছেন।

রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার। কালীঘাট তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরি। ঋতব্রত শিবিরের শেখ সফিউদ্দিন জামান, সিপিএমের সইদ আসাদ আলি, আরএসপির বিকাশচন্দ্র মিশ্র এবং কংগ্রেসের আব্দুল্লাহিল কাফিও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এখন নজর শুক্রবারের গণনায়। দুই কেন্দ্রের ভোটাররা শেষ পর্যন্ত কী রায় দিয়েছেন, তার উত্তর মিলবে ভোটবাক্স খোলার পরই।


Share