State Election

অক্টোবরের শেষে পুরভোটের বিজ্ঞপ্তি, নভেম্বরের শেষ সপ্তাহে ভোট! বৈঠকে প্রস্তুতির রূপরেখা কমিশনের

বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। বৈঠক শেষে তিনি জানান, অক্টোবরের শেষেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা রয়েছে।

কলকাতা পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:১২

অক্টোবরে দুর্গাপুজো মিটতেই রাজ্যে পুরভোটের প্রস্তুতিতে গতি আনতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা, হাওড়া-সহ সাত পুরসভায় নভেম্বরের শেষ সপ্তাহে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। বৈঠক শেষে তিনি জানান, অক্টোবরের শেষেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা রয়েছে।

কমিশন সূত্রে খবর, প্রথম দফায় কলকাতা, হাওড়া, বালি, কালিম্পং, কার্শিয়াং, ধূপগুড়ি ও হলদিয়া পুরসভায় ভোট হতে পারে। ভোটের প্রস্তুতি নিয়ে দু’দিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। হাওড়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকেরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে মূলত ভোটকর্মী নিয়োগ, গণনাকেন্দ্র প্রস্তুত করা এবং ইলেকট্রনিক ভোটযন্ত্র পরিবহণ-সহ ভোট পরিচালনার পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। কমিশনার জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই জেলাগুলিতে ইভিএম পাঠানোর কাজ শুরু হবে। জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া ইভিএম ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাগুলিতে বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি দ্রুত শেষ করা হচ্ছে আসন সংরক্ষণের কাজও। কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও হাওড়া পুরনিগমের ক্ষেত্রে ৭ অক্টোবর এবং অন্য পুরসভাগুলির ক্ষেত্রে ৬ অক্টোবর সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছে। কলকাতা ও হাওড়া পুরনিগমের আইন সংশোধনের কাজও ইতিমধ্যে শেষ হয়েছে।

একই সঙ্গে কালিম্পং, দার্জিলিং, ধূপগুড়ি, হলদিয়া ও ঝাড়গ্রাম পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ শেষ হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আইন অনুযায়ী, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেই পুরভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা নিয়েও তৈরি হয়েছে নির্দিষ্ট সময়সূচি। ১ জুলাই পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা অক্টোবরের প্রথম সপ্তাহে গ্রহণ করা হবে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সেই তালিকার খসড়া প্রকাশের পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে।

ফলে দুর্গাপুজো মিটতেই পুরভোটের প্রস্তুতি আরও জোরদার হতে চলেছে। বিজ্ঞপ্তি, আসন সংরক্ষণ, ভোটার তালিকা, ইভিএম এবং ভোটকর্মী নিয়োগ—সব দিকেই ধাপে ধাপে এগোচ্ছে কমিশন। নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হলে তার আগেই প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।


Share