Narendra Modi

হলদিয়া থেকে মোদীর ঝড়ো বার্তা, ছ’টি গ্যারান্টি ঘোষণা, দুর্নীতি-হিংসায় জড়িতদের ‘হিসেব’ নেওয়ার হুঁশিয়ারি

মোদীর মতে, গত ১৫ বছরের শাসনে পশ্চিমবঙ্গকে উন্নয়নের নিরিখে কয়েক দশক পিছিয়ে দিয়েছে তৃণমূল। তাঁর তোপ, “এখানে উন্নয়নের বদলে শুধুই তোষণ, দুর্নীতি আর কাটমানি রাজ চলছে। তৃণমূল না মানে সংবিধান, না মানে আইন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৩:০১

আসন্ন ধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে প্রচারে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের কোচবিহারে প্রচারের পর বৃহস্পতিবার হলদিয়া থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একই সুরে আক্রমণ শানালেন তিনি। বর্তমান রাজ্য সরকারকে ‘নির্মম সরকার’ বলে কটাক্ষ করার পাশাপাশি রাজ‍্যের মানুষের জন্য ছ’টি গ্যারান্টির প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সভার শেষদিকে তাঁর বক্তব্যে আরও কড়া সুর শোনা যায় দুর্নীতি ও হিংসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন তিনি।

এ দিন হলদিয়ার জনসভায় বাংলা ভাষাতেই বক্তব্য শুরু করেন মোদী। তিনি বলেন, “আমি স্পষ্ট বুঝতে পারছি, রাজ্যের আকাশে-বাতাসে পরিবর্তনের ঝোড়ো হাওয়া বইছে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আসলে তৃণমূলের এই নির্মম সরকারের বিদায়ে সিলমোহর দিচ্ছে।” মোদীর মতে, গত ১৫ বছরের শাসনে পশ্চিমবঙ্গকে উন্নয়নের নিরিখে কয়েক দশক পিছিয়ে দিয়েছে তৃণমূল। তাঁর তোপ, “এখানে উন্নয়নের বদলে শুধুই তোষণ, দুর্নীতি আর কাটমানি রাজ চলছে। তৃণমূল না মানে সংবিধান, না মানে আইন।”

বিজেপি সংবিধান মেনে সরকার পরিচালনা করবে এই আশ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী ছ’টি মূল প্রতিশ্রুতি তুলে ধরেন। শিল্পায়ন, নারীদের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন, অনুপ্রবেশ রোধ, সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা এবং কেন্দ্রীয় প্রকল্পের সরাসরি সুবিধা মানুষের ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।

মোদীর ঘোষিত ছ’টি গ্যারান্টির মধ্যে রয়েছে ভয়ের রাজনীতির অবসান ঘটিয়ে ভরসার সরকার গড়া, সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ প্রশাসন, নারী নির্যাতন ও দুর্নীতির প্রতিটি মামলার তদন্ত, দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে জেল পর্যন্ত কঠোর পদক্ষেপ, সংবিধান মেনে শরণার্থীদের অধিকার নিশ্চিত করা এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি সরকারি শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে।

সভা শেষের আগে তৃণমূলের বিরুদ্ধে আরও সরাসরি হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “তৃণমূল যে ভয়ের পরিবেশ তৈরি করে রাজ্যে রাজনীতি করার চেষ্টা করছে, তার অবসান ঘটাবে বিজেপি। আমাদের লক্ষ্য সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু বাংলার জন্য আমার একটা বিশেষ কথা বলার আছে। যারা বছরের পর বছর ধরে দুর্নীতি আর হিংসায় জড়িয়ে রয়েছে, তাদের প্রত্যেককে হিসেব দিতে হবে। কাউকেই রেয়াত করা হবে না।”

রাজনৈতিক মহলের মতে, হলদিয়ার সভা থেকে পরিবর্তনের ডাক দিয়ে বিজেপি স্পষ্ট বার্তা দিল আসন্ন নির্বাচনে কোনও রাজনৈতিক সুযোগ হাতছাড়া করতে তারা রাজি নয়। এখন নজর থাকবে, প্রধানমন্ত্রীর এই ছ’টি গ্যারান্টি এবং কড়া রাজনৈতিক বার্তা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে।


Share