Election Commission

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উঠল এমসিসি, ফলতায় পুনর্নির্বাচন পর্যন্ত বহাল আচরণবিধি

৪ মে ফল প্রকাশের পর কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায়, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আর আচরণবিধি বলবৎ থাকছে না।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৩:৫৮

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি (এমসিসি) তুলে নিল নির্বাচন কমিশন। গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোট ঘোষণা হওয়ার পর থেকেই এমসিসি কার্যকর হয়েছিল। ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায়, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আর আচরণবিধি বলবৎ থাকছে না।

তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে আপাতত এমসিসি বহাল থাকবে। ওই কেন্দ্রে সমস্ত ভোট বাতিল হওয়ায় আগামী ২১ মে পুনর্নির্বাচন হবে। আগামী ২৪ মে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ফলতায় ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। পুনর্নির্বাচনের দাবিতে কমিশনের কাছে আবেদন জমা পড়ার পর বিভিন্ন বুথে স্ক্রুটিনি চালানো হয়। দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্র থেকে পুনর্নির্বাচনের আবেদন এলেও বিশেষ ভাবে ফলতা নজরে ছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফলতা, মগরাহাট ও ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখেন। তার পরে বিস্তারিত রিপোর্ট দিল্লিতে পাঠান। সূত্রের খবর, সেই রিপোর্টেই ফলতায় পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২ মে মগরাহাট পশ্চিমের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের চারটি বুথে পুনর্নির্বাচন হলেও গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

এ ছাড়াও, গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার কয়েকটি উপনির্বাচনী কেন্দ্রেও আদর্শ আচরণবিধি কার্যকর ছিল। ফল প্রকাশের পর সেই কেন্দ্রগুলিতেও এমসিসি তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


Share