Election Commission

সড়কপথে নয়, এ বার আকাশপথে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় যাবেন মনোজ আগরওয়াল

আগামী ২০ ও ২১ এপ্রিল মনোজ আগরওয়াল মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সফর করবেন। ২৩ এপ্রিল এই জেলাগুলিতে প্রথম দফার ভোটগ্রহণ রয়েছে। তার আগে প্রস্তুতি পর্যবেক্ষণ করতেই এই সফর।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:২০

নির্বাচনী প্রচারের সময়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছোতে রাজনৈতিক নেতা-নেত্রীদের হেলিকপ্টার ব্যবহার নতুন নয়। তবে এ বার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়ালের জেলা সফর নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তাঁর জন্য হেলিকপ্টার ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে সড়কপথের বদলে তিনি এখন আকাশপথেই এক জেলা থেকে অন্য জেলায় দ্রুত পৌঁছোতে পারবেন।

আগামী ২০ ও ২১ এপ্রিল মনোজকুমার আগরওয়াল মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সফর করবেন। ২৩ এপ্রিল এই জেলাগুলিতে প্রথম দফার ভোটগ্রহণ রয়েছে। তার আগে প্রস্তুতি পর্যবেক্ষণ করতেই এই সফর। উল্লেখযোগ্য ভাবে, প্রায় দু’দশক আগে ২০০৬ সালে তৎকালীন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন ভোটের কাজে হেলিকপ্টার ব্যবহার করেছিলেন। সেই নজিরের পর ফের একই পথে হাঁটছেন তাঁর উত্তরসূরি মনোজ।তিনি বায়ুসেনার কপ্টারে চেপে যাবেন। ১৫ জন থাকতে পারেন এমন হেলিকপ্টারের অনুমোদন বায়ুসেনা দিয়েছে বলে সূত্রের খবর।

কিছুদিন আগেই তাঁর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে তৃণমূলের বিক্ষোভের ঘটনার পর গত বছরের ডিসেম্বর মাসে কেন্দ্র তাঁর নিরাপত্তা ‘ওয়াই প্লাস’ স্তরে উন্নীত করে। এ বার জেলা সফরের জন্য বায়ুসেনা হেলিকপ্টার ব্যবহারের অনুমোদনও মিলল।

উল্লেখ্য, রাজ্যে এবারের ভোট দু’দফায় অনুষ্ঠিত হচ্ছে, প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। এর আগে মনোজকুমার আগরওয়াল একাধিক জেলা ঘুরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও কথা বলে তাঁদের অভিযোগ ও দাবি শুনেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একাধিক নির্দেশও দিয়েছেন তিনি।


Share