BJP-TMC Clash

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মানিকতলা, তাপস রায়ের ভোটপ্রচারে আসা কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত মহিলা সাংবাদিক

তাপস রায় বলেন, “তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি করে বলে মারধর করবে, সভ্য সমাজে এমনটা হতে পারে না। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময়ও এখানেই একই ঘটনা ঘটেছিল। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। পরবর্তীতে এমন কোনও ঘটনা যা ঘটে তা নিশ্চিত করতে বলেছি। হলে কঠোর ব্যবস্থা নেব।”

তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মানিকতলা বিধানসভা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৯:০১

প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। শুক্রবার বিকেলে তিনি ভোটের প্রচার শুরু করেন। অভিযোগ, সেই সময় কয়েক জন তৃণমূল কর্মী বিজেপি সমর্থকদের ওপর হামলা করে। খবর সংগ্রহ করতে গিয়ে ‘এখন কলকাতার’-র মহিলা সাংবাদিকও।

এ বিকেলে নির্ধারিত সময়ের একটু পরেই মানিকতলা বিধানসভার ১৫ নম্বর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছে যান বিজেপি প্রার্থী তাপস রায়। তার পরে জনসংযোগ কর্মসূচি শুরু করেন। ধোপার মাঠের কাছে আসতেই সেখানে কয়েক জন তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের লক্ষ‍্য করে স্লোগান দিতে থাকে। পাল্টা স্লোগান দেয় বিজেপির কর্মীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষই। বিজেপি কর্মীদের অভিযোগ, প্রচারে পুলিশ থাকা সত্ত্বেও তাঁরা গোলমাল থামাতে এগিয়ে আসেননি। পরে ঘটনাস্থলে আসে মানিকতলা থানার বিশাল বাহিনী।

খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ‘এখন কলকাতা’-র মহিলা সাংবাদিক। ঘটনায় কেন ভিডিয়ো করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে হুমকি দেয়। তা না করায় সাংবাদিক বৈশালী কর্মকারকে হেনস্থা করা হয়েছে। তাঁর মোবাইল ফোন হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে।

পরে বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে বিজেপির কর্মীরা মানিকতলা থানায় যান। দোষীদের গ্রেফতারির দাবিতে সেখানেও বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখান। থানা থেকে বেরিয়ে বিজেপি নেতা তথা মানিকতলার প্রার্থী তাপস রায় বলেন, “তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি করে বলে মারধর করবে, সভ্য সমাজে এমনটা হতে পারে না। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময়ও এখানেই একই ঘটনা ঘটেছিল। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। পরবর্তীতে এমন কোনও ঘটনা যা ঘটে তা নিশ্চিত করতে বলেছি। হলে কঠোর ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, রাজ‍্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে। আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। নির্বাচনী হিংসা ঠেকাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এর আগেও মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। আক্রান্ত হন কলকাতা উত্তরের বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। অভিযোগ ছিল, ঘন্টাখানেক তান্ডব চলার পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। সেই ঘটনায়ও রিপোর্ট  তলব করেছিল নির্বাচন কমিশন। এই এ দিনের ঘটনার পরেও কলকাতা পুলিশের কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।


Share