Election Commission

ভোটের আগে নতুন কড়াকড়ি! প্রিসাইডিং অফিসারদের জন্য বাধ্যতামূলক মুচলেকা, নির্দেশ নির্বাচন কমিশনের

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোট কেন্দ্রে যাওয়ার আগে প্রিসাইডিং অফিসারদের জন্য ২০ থেকে ৩০ মিনিটের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই প্রশিক্ষণ শেষে তাঁদের একটি মুচলেকা জমা দিতে হবে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৫:১২

প্রথম দফা ভোটের আগে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এ বার বুথে যাওয়ার আগে প্রিসাইডিং অফিসারদের মুচলেকা দিতে হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কেন এই মুচলেকা প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএলও ঐক্যমঞ্চ।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোট কেন্দ্রে যাওয়ার আগে প্রিসাইডিং অফিসারদের জন্য ২০ থেকে ৩০ মিনিটের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই প্রশিক্ষণ শেষে তাঁদের একটি মুচলেকা জমা দিতে হবে। সেখানে উল্লেখ করতে হবে যে, তাঁরা সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিয়েছেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ডিউটি সংক্রান্ত সমস্ত বিষয় বিস্তারিতভাবে বোঝানোর পর ব্রিফিং শেষ হলে নির্দিষ্ট একটি ফর্মে সই করতে হবে প্রিসাইডিং অফিসারদের।

তবে এই নতুন নিয়ম নিয়ে আপত্তি তুলেছে বিএলও ঐক্যমঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল প্রশ্ন তুলেছেন, “এবার থেকে নতুন একটা বিষয় করা হয়েছে। ভোট শুরুর ঠিক আগে প্রিসাইডিং অফিসারদের ২০ মিনিট থেকে ২৫ মিনিট একটা ব্রিফ ট্রেনিং দেওয়া হবে। যাকে বলা হচ্ছে শেষ মুহূর্তের ট্রেনিং। এটা সম্পূর্ণভাবে নতুন চালু করছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অফিসাররা ট্রেনিংয়ের পর যখন চলে যাচ্ছেন, তখন তাঁদের একটা মুচলেকা দিতে হবে। আমরা বুঝতে পারছি না যে কেন এই মুচলেকা দিতে হবে। প্রিসাইডিং অফিসাররা যখন চলে যাবেন, তখন তো একটা সই তাঁরা করছেন। তারপরেও আবার মুচলেকা কেন?”

প্রসঙ্গত, কয়েক দিন আগেই প্রিসাইডিং অফিসার নিয়োগ ইস্যুতে হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের কারণ নিয়ে আদালত প্রশ্ন তোলে এবং সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় কমিশন। এর পরই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বাতিল করে দেয় আদালত। তবে যাঁরা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা ইচ্ছা করলে ভোটের দায়িত্ব পালন করতে পারবেন বলেও জানানো হয়।


Share