Mamata Banerjee

ফর্ম-৬ বিতর্কে সরব মমতা, ভিন্‌রাজ্যের ভোটার ঢোকানোর অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি

চিঠিতে মমতা লিখেছেন, “বিশ্বাসযোগ্য সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, সিইও অফিস এবং বিভিন্ন জেলায় প্রচুর সংখ্যায় ফর্ম-৬ জমা দিচ্ছেন বিজেপির এজেন্টরা। এটা ভোটার তালিকায় নাম তোলার রুটিন প্রক্রিয়া বলে মনে হচ্ছে না। বরং রাজ্যের বাসিন্দা নন, এমন মানুষদের নাম ভোটার তালিকায় ঢোকানোর অপচেষ্টা করা হচ্ছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১০:৩৯

ফর্ম-৬ জমা দিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন্‌রাজ্যের বাসিন্দাদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার দেশের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সভানেত্রী হিসেবে পাঠানো ওই চিঠিতে তিনি জানান, অভিযোগ সত্যি হলে তা হবে অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। একই সঙ্গে ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।

চিঠিতে মমতা লিখেছেন, “বিশ্বাসযোগ্য সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, সিইও অফিস এবং বিভিন্ন জেলায় প্রচুর সংখ্যায় ফর্ম-৬ জমা দিচ্ছেন বিজেপির এজেন্টরা। এটা ভোটার তালিকায় নাম তোলার রুটিন প্রক্রিয়া বলে মনে হচ্ছে না। বরং রাজ্যের বাসিন্দা নন, এমন মানুষদের নাম ভোটার তালিকায় ঢোকানোর অপচেষ্টা করা হচ্ছে।”

তাঁর অভিযোগ, যাঁদের পশ্চিমবঙ্গের সঙ্গে কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই, তাঁদের নামও তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই ধরনের ঘটনা আগে বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির নির্বাচনেও ঘটেছে বলেও তিনি চিঠিতে দাবি করেন।

একই সঙ্গে তৃণমূল নেত্রীর সংযোজন, “এটা খুবই উদ্বেগের বিষয় যে, নির্বাচন কমিশনারের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের জনগণের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারকে খর্ব করছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কারণে বহু মানুষ ভোটাধিকার হারিয়েছেন। ২০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।” রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাওয়ায় মমতা মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তৃণমূলের সভানেত্রী হিসাবে দলের প্যাডেই জ্ঞানেশকে চিঠি লিখেছেন।

মঙ্গলবার চন্দ্রকোনা-র জনসভা থেকেও একই অভিযোগ তোলেন মমতা। বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, বহু মানুষের নাম এখনও তালিকায় ফেরানো হয়নি, অথচ নতুন করে ভিন্‌রাজ্য থেকে নাম আনা হচ্ছে। তাঁর দাবি, রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্য থেকে নাম এনে বাংলার ভোটার তালিকায় যুক্ত করার চেষ্টা চলছে। মমতা আরও দাবি করেন, বিপুল পরিমাণ নথি জমা পড়ার প্রমাণ তাঁদের হাতে রয়েছে। তাঁর কথায়, আগের দিনও নির্বাচন কমিশনের কাছে ৩০ হাজার নাম জমা দেওয়া হয়েছে, যাঁরা বাংলার বাসিন্দা নন।

এর আগেই সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে একই অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও অফিস থেকে বেরিয়ে তিনি দাবি করেন, বিজেপির কর্মীরা বস্তাভর্তি ফর্ম-৬ নিয়ে সেখানে গিয়েছিলেন, উদ্দেশ্য ভিন্‌রাজ্যের ভোটারদের পশ্চিমবঙ্গের তালিকায় অন্তর্ভুক্ত করা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি তোলেন।

অভিষেক সাংবাদিকদের বলেন, নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আনার চেষ্টা করছে বিজেপি। তাঁর দাবি, সোমবার কয়েক জন সরাসরি সিইও দফতরে বস্তাভর্তি ফর্ম-৬ জমা দিয়েছেন।

উল্লেখ্য, ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করতে ফর্ম-৬ ব্যবহার করা হয়। প্রথমবার ভোটার হিসেবে নাম তোলার আবেদনকারী অথবা এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে বাসস্থান পরিবর্তনকারীরা এই ফর্ম জমা দেন। বয়স ও বাসস্থানের প্রমাণপত্র-সহ আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। সেই প্রক্রিয়াকেই কেন্দ্র করে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হল তৃণমূল।


Share