Mamata Banerjee

'সারারাত তাণ্ডব' ভোটের দিন চেতলায় ঘুরে বিস্ফোরক অভিযোগ মমতার, সিআরপিএফ ও অবজার্ভারদের বিরুদ্ধে তোপ

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম। সারা রাত এই কাজগুলি করেছি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১০:৪২

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের সকালে নজিরবিহীন তৎপরতা দেখা গেল। সকালেই এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আজ ভোট দেওয়ার আগে চেতলা এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। অভিযোগ করেন, বিভিন্ন জায়গা থেকে পোস্টার খুলে ফেলা হয়েছে এবং তৃণমূল কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গতরাতে তিনি একটুও ঘুমোননি। সকালেই বেরিয়ে পড়ে সারাদিন এলাকা পরিদর্শনের পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর অভিযোগ, “সারা বাংলা জুড়ে সিআরপিএফ আর অবজার্ভাররা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বলছে, অর্ডার মানব না। আমাদের সব ছেলেদের তুলে নিচ্ছে।”

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম। সারা রাত এই কাজগুলি করেছি।”

এছাড়াও তিনি অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। গতরাতে প্রায় দেড়টা নাগাদ তাঁকে এবং তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয় এবং ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে।


Share