Mamata Banerjee

বিজেপির মাইকিং শুনে রেগে আগুন মমতা, বক্তব্য শেষ না করে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

শেষ পর্যন্ত সভা না করেই মঞ্চ ছাড়েন তিনি। বক্তব্য না রাখতে পারার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। আগামিকাল এই এলাকায় মিছিল করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মঞ্চ ছাড়ার আগে তাঁকে ভোট দেওয়ার আবেদন করে যান তিনি।

চক্রবেরিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:১৯

ভবানীপুরের চক্রবেরিয়ায় নির্বাচনী প্রচার চালানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিঘ্ন ঘটে। ৭০ নম্বর ওয়ার্ডের জনসভা করার সময়ে বিজেপি মাইকিং শুরু করে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে শুরু করতেই শুরু হয় সেই মাইকিং। তার জেরে দৃশ্যতই রেগে গিয়ে মঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বার বার তিনি বলতে থাকেন, ‘আপনারা দেখছেন কী করছে... আমরা পারমিশন নিয়ে করছি সভা...ইলেকশনের তো কতগুলো রুলস আছে।’ বেশ কিছু ক্ষণ ধরে বক্তব্য রাখার চেষ্টা করেন মমতা। কিন্তু আওয়াজে সমস্যা শুরু হয়। তাতেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। এ দিন মমতা বলেন, ‘ওরা যখন মিটিং করবে, তোমরা পাল্টা লাগিয়ে দেবে। পুলিশ তুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করে দেবে...।’

এর পরে দেখা যায় মঞ্চ থেকেই কাউকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন কী কথা হয়েছে, তা অবশ্য শোনা যায়নি। ফোন রাখার পরে ফের মাইক হাতে নিয়ে মমতার তোপ, ‘ওরা পশ্চিমবঙ্গকে গায়ের জোরে দখল করতে আসছে... এমন চিৎকার করে যাচ্ছে যাতে আমি সভা করতে না পারি।’ গোটা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

শেষ পর্যন্ত সভা না করেই মঞ্চ ছাড়েন তিনি। বক্তব্য না রাখতে পারার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। আগামিকাল এই এলাকায় মিছিল করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মঞ্চ ছাড়ার আগে তাঁকে ভোট দেওয়ার আবেদন করে যান তিনি।

এর পরেই বিজেপি এবং তৃণমূল দু’পক্ষ মুখোমুখি হয়। একে অপরকে দেখে স্লোগান দেয়। তৃণমূল কর্মীরা মারমুখী হয়ে ওঠে। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করতে পালিয়ে যায় তৃণমূলের কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


Share