Assembly Election

হলদিয়ায় পুলিশ কর্মীদের ডেকে তৃণমূলের হয়ে ভোট দিতে বলছেন কলকাতা পুলিশের কনস্টেবল! নির্বাচন কমিশনের নির্দেশে সাসপেন্ড মোজারুল

অভিযুক্ত পুলিশ কর্মীর নাম মোজারুল। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারী মোজারুলের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁরই অভিযোগের ভিত্তিতে মোজারুলকে সাসপেন্ড করেছে লালবাজার।

অভিযুক্ত পুলিশকর্মী মোজারুলকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:১৮

সাসপেন্ড কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল মোজারুল। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হয়েছে।

জানা গিয়েছে, মোজারুল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়ম না মেনে ভোটার তালিকা পরিচালনা করছেন। হলদিয়ার মহকুমাশাসকের অফিসে পুলিশ কর্মীদের ডাকছেন। তৃণমূলে ভোটদানের জন্য বলছেন ওই কনস্টেবল। এমনকী, পুলিশ কর্মীরা কে কোন বিভাগে কর্মরত রয়েছে তার পরিচয়পত্র এবং এপিক কার্ড সঙ্গে নিয়ে আসার নির্দেশও দিচ্ছেন। 

গতকাল এই অভিযোগ করেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিনি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে পোস্টাল ব‍্যালোট লুঠ হওয়া আশঙ্কা প্রকাশ করেন। তিনি নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে দাবি জানান, মোজারুল কীভাবে এবং কার নির্দেশে এই কাজ করছেন, তা খতিয়ে দেখা হোক। পাশাপাশি, নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে পোস্টাল ব্যালট প্রক্রিয়া কোনও মধ্যস্থতাকারী বা পুলিশ বাহিনীর অভ্যন্তরে থাকা পক্ষপাতদুষ্ট উপাদান থেকে যেন প্রভাবমুক্ত থাকে।

কমিশন সূত্রের খবর, তাঁর অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশন জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করে। কমিশন মনে করছে, এতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। কর্মরত কোনও পুলিশ কর্মীর ভোটার তালিকা পরিচালনা করার কোনও এক্তিয়ার নেই। এর পরেই ওই কনস্টেবলকে সাসপেন্ড করতে লালবাজারকে নির্দেশ দেয় কমিশন। তার পরেই কলকাতা পুলিশের কনস্টেবল মোজারুলকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


Share