Assembly Election

অনুপ্রবেশকারীরা ২৯ এপ্রিলের আগে দেশ না ছাড়লে, ৪ মে’র পর পশ্চিমবঙ্গ থেকে তাদের উৎখাত করা হবে, সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী বলেন, “মতুয়া, নমশূদ্রদের বলব, আপানদের নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা, কাগজ দেওয়া হবে। সব অধিকার দেওয়া হবে, যা ভারতের সব নাগরিকেরা পান, এটা মোদীর গ্যারান্টি।"

নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, ঠাকুরনগর
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১২:১৮

অবৈধ অনুপ্রবেশ নিয়ে এর আগেও একাধিক বার সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। এ বার সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। এ দিন ঠাকুরনগরের জনসভা থেকে কার্যত ‘ডেড লাইন’ নির্ধারণ করে দিলেন প্রধানমন্ত্রী। জনসভা থেকে তিনি বলেছেন, "অনুপ্রবেশকারীরা ২৯ এপ্রিলের আগে দেশ না ছাড়লে, ৪ মে-র পর পশ্চিমবঙ্গ থেকে তাদের উৎখাত করা হবে।" 

এ দিন ঠাকুরনগরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “যারা অবৈধ উপায়ে বাংলায় ঢুকেছে, যারা ভুয়ো নথি দেখিয়ে এখানে থাকছে, তারা যেন ২৯ এপ্রিলের আগে রাজ্য আর ‘হিন্দুস্তান’ ছেড়ে চলে যায়। যারা প্রকাশ্যে সিএএ-র বিরোধিতা করে, যে সিএএ-কে হঠানোর কথা বলে, তারা কি আপনাদের ভাল চাইতে পারে? যদি কেউ ভুল করেও তৃণমূলকে ভোট দেওয়ার কথা ভাবে, তাহলে তিনি নিজের পূর্বপুরুষের মনে দুঃখ দেওয়ার কাজই করবেন। ৪ মে-র পর প্রত্যেক অনুপ্রবেশকারীকে উৎখাত করা হবে। তৃণমূল কোনও অনুপ্রবেশকারীকে বাঁচাতে পারবে না।”

প্রথম দফা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। আর সেই প্রচারেই অনুপ্রবেশ নিয়ে ফের সরব বিজেপি নেতৃত্ব। বিরোধীরা যখন নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলছে ঠিক তখনই অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূলকে এক সারিতে ফেলে নিশানা করেছেন নরেন্দ্র মোদী।

এ দিনের সভা থেকে নরেন্দ্র মোদী আরও বলেন, “কলকাতা থেকে জয়ী হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তখন ২৪ পরগনা, নদিয়া অনেক সমর্থন পেয়েছিল জনসঙ্ঘ। পূর্ববঙ্গ থেকে আসা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিল, তাঁদের কথা বলেছিল। শরণার্থীদের প্রবক্তা মনে করা হয় শ্যামাপ্রসাদকে। দেশভাগ থেকে আজ পর্যন্ত সব শরণার্থীরা আমাদের দায়িত্ব। তাঁদের চিন্তা করা ভারতের ঐতিহাসিক দায়িত্ব। মতুয়া, নমশূদ্রদের বলব, আপানদের নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা, কাগজ দেওয়া হবে। সব অধিকার দেওয়া হবে, যা ভারতের সব নাগরিকেরা পান, এটা মোদীর গ্যারান্টি।”


Share