Election Commission

উপনির্বাচনে আগেই নন্দীগ্রামে বদল আইসি, নতুন দায়িত্ব পেল দেবাশিষ সরকার

সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এত দিন নন্দীগ্রাম থানার আইসি পদে ছিলেন অজয়কুমার মিশ্র। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস সরকারকে।

নন্দীগ্রামে বদল করা হল আইসি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০১:৫৯

রাত পোহালেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার ঠিক আগেই নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ (আইসি) বদল করল নির্বাচন কমিশন। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এত দিন নন্দীগ্রাম থানার আইসি পদে ছিলেন অজয়কুমার মিশ্র। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস সরকারকে। তিনি এত দিন পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইন-চার্জ (টিআই) হিসাবে কর্মরত ছিলেন। উপনির্বাচনের সময়ে নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব এ বার তাঁর উপরই।

সোমবারের বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, অবিলম্বে বদলির নির্দেশ কার্যকর করতে হবে। নন্দীগ্রাম থানার নতুন আইসি হিসাবে দেবাশিস সরকারের যোগদানের রিপোর্টও সোমবার সন্ধ্যার মধ্যে চেয়ে পাঠানো হয়েছে। তবে ভোটের ঠিক আগের দিন কেন অজয়কুমার মিশ্রকে সরিয়ে দেওয়া হল, সে বিষয়ে কমিশনের বিজ্ঞপ্তিতে কোনও কারণ জানানো হয়নি।

মঙ্গলবার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ। ফল প্রকাশ হবে আগামী ৯ অক্টোবর। ইতিমধ্যেই দুই কেন্দ্রে প্রচারপর্ব শেষ হয়েছে। উপনির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনাও রয়েছে। সেই আবহেই ভোটের ২৪ ঘণ্টা আগে থানার আইসি বদলের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও কমিশনের তরফে এই বদলির সঙ্গে কোনও নির্দিষ্ট ঘটনার যোগসূত্রের কথা জানানো হয়নি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ভবানীপুর থেকেও জয়ী হওয়ায় তিনি ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন। ফলে নন্দীগ্রামে উপনির্বাচনের প্রয়োজন হয়। অন্য দিকে, রেজিনগর থেকে জিতেছিলেন হুমায়ুন কবীর। নওদা কেন্দ্র থেকেও জয়ী হওয়ায় তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন। সেই কারণেই রেজিনগরেও হচ্ছে উপনির্বাচন।

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। অন্য দিকে, তৃণমূলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এই কেন্দ্রে সরাসরি লড়াইয়ের সমীকরণ বদলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের কথা জানিয়েছেন। তবে প্রচারের মধ্যেই পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার হন মিলন। বর্তমানে অন্তর্বর্তী জামিনে রয়েছেন তিনি।

জামিনে মুক্তির পর পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস প্রার্থী। তাঁর দাবি, পুলিশ আধিকারিকেরা তাঁকে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিলেন। তিনি তাতে রাজি না হওয়ায় তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন মিলন। যদিও তাঁর এই অভিযোগ নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই ভোটের ঠিক আগে নন্দীগ্রাম থানার আইসি বদল করল কমিশন। তবে রেজিনগর কেন্দ্রে এমন কোনও পুলিশ আধিকারিক বদলের নির্দেশ দেওয়া হয়নি।


Share