BJP-TMC Clash

‘কর্তব‍্যে গাফিলতি স্পষ্ট,’ বাসন্তীতে অশান্তির ঘটনায় থানার আইসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন, বিভাগীয় তদন্তের নির্দেশ

বৃহস্পতিবার দুপুরে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন বাসন্তী বাজার রণক্ষেত্রের চেহারা নেয়। সেখানে পুলিশকেও মারধর করা হয়। জানা গিয়েছে, পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এখনও পর্যন্ত মোট আট জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৭:২০

বাসন্তী বাজারে বিজেপি কর্মী ও পুলিশ কর্মীদের মারধরের ঘটনায় আগেই আট জনকে গ্রেফতার করেছে নির্বাচন কমিশন। এ বার থানার আইসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। নতুন আইসিকে দায়িত্ব নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার কমিশন নির্দেশিকা জারি করে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অভিজিতের জায়গায় বাসন্তী থানার আইসি করা হয়েছে প্রবীর ঘোষকে। তিনি এর আগে রাজ‍্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে ছিলেন।

গতকাল দুপুর ১টা নাগাদ বাসন্তীর বাজার এলাকায় বিজেপি প্রার্থী বিকাশ সর্দার দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ করছিলেন। সেই সময় পাশ থেকে এক যুবক মোবাইল ফোনে তাঁদের ভিডিয়ো করছিলেন। বিজেপির কর্মীরা তাঁকে বাধা দেন। বিজেপির দাবি, যে যুবক ভিডিয়ো করছিলেন তিনি স্থানীয় তৃণমূল কর্মী। তাঁকে বাধা দিতে গেলেই বচসা শুরু হয়ে যায়। তা থেকে রণক্ষেত্রের চেহারা নেয়। এক বিজেপির কর্মীকে রাস্তায় ফেলে মোটা গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এমনকী, পুলিশের ব‍্যবহার করা লাঠি দিয়ে মারধর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এসে সাত থেকে আট জন পুলিশ কর্মী জখম হয়েছেন।

ঘটনার পরে রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সেই রিপোর্ট পাঠানো হয় নির্বাচন সদনে। কমিশন সেই রিপোর্ট খতিয়ে দেখে মনে করেছে, বাসন্তী বাজার এলাকায় ওই সময় বিজেপি এবং তৃণমূল দুটি রাজনৈতিক দলেরই জমায়েত হওয়ার কথা ছিল। থানার আইসি অভিজিৎ পাল তা আগে থেকেই জানতেন। তা সত্ত্বেও তিনি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেননি। কমিশন আরও জানতে পেরেছে, সেখানে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। অশান্তি চললেও তা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী ডাকেননি। যা কমিশনের নির্দেশের পরিপন্থী। তিনি নিজের কর্তব্যে গাফিলতি দেখিয়েছেন। তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

এ ছাড়াও, বাসন্তী থানার প্রাক্তন আইসির অভিজিতের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কমিশন যদি কোনও আধিকারিককে সাসপেন্ড করে তাহলে তাঁর ওপর থাকা সাসপেনশন তুলতে কমিশনের সুপারিশ দরকার। বিভাগীয় তদন্ত শেষ করে রাজ‍্য পুলিশ রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবে। তিনি যদি মনে করেন তবেই সাসপেনশন প্রত্যাহার করা হবে। কমিশন আরও জানিয়েছে, আগামী কাল সকাল ন’টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে রাজ‍্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।


Share