Election Commission

তিন দিনের রাজ্য সফরে জ্ঞানেশ ভারতী, নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছে অপূর্বকুমারের দল

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ। সেখান থেকে সড়কপথে তিনি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। জানা গিয়েছে, জেলাশাসক দফতরে একটি বৈঠকে যোগ দেবেন তিনি।

জ্ঞানেশ ভারতী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৬:১৭

নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার থেকে তিন দিনের সফরে রাজ্যে এলেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। একই সময়ে কমিশনের আরও একটি দল উত্তরবঙ্গের পাঁচ জেলায় সফর শুরু করেছে, যার নেতৃত্বে রয়েছেন ডেপুটি ডিরেক্টর অপূর্বকুমার সিংহ।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ। সেখান থেকে সড়কপথে তিনি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। জানা গিয়েছে, জেলাশাসক দফতরে একটি বৈঠকে যোগ দেবেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন আরও দুই আধিকারিক। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথাও রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর নেতৃত্বাধীন দল মুর্শিদাবাদে পৌঁছবে। সেখানে বৈঠকের পর রাত কাটাবেন তাঁরা। মঙ্গলবার সকালে সফর সূচিতে রয়েছে নদিয়া।

অন্যদিকে, অপূর্বকুমার সিংহের নেতৃত্বাধীন দল সোমবারই উত্তরবঙ্গে পৌঁছেছে। তাদের সফর শুরু হচ্ছে আলিপুরদুয়ার থেকে। এরপর রাজাভাতখাওয়ায় গিয়ে বুথ পরিদর্শন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আধিকারিকরা। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলাও ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। কমিশন সূত্রে খবর, এই দলটি প্রায় পাঁচ দিন রাজ্যে অবস্থান করবে।

দুই দলের এই ধারাবাহিক সফর ও বৈঠকের মূল উদ্দেশ্য হল নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক সমন্বয়ের সামগ্রিক পর্যালোচনা করা।


Share