Assembly Election

ভোটের দিনই পানিহাটিতে রত্না দেবনাথকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তুলে গ্রেফতারের দাবি

তৃণমূল ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে মিলিতভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রত্না দেবনাথ।

পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, পানিহাটি
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৩:৩৬

বুধবার রাজ্যে দ্বিতীয় দফা ভোট। আবার উত্তপ্ত হল পানিহাটি। বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে এল। আগরপাড়া নিউ আদর্শ নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বুধবার সকালে পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে তাঁর গাড়ির সামনে ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয়। তৃণমূল কর্মী সমর্থক- সহ সিপিএমের বিরুদ্ধেও অভিযোগ উঠে এসেছে। 

২০২৬ বিধানসভা নির্বাচনে পানিহাটিতে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রত্না দেবনাথ তথা অভয়ার মা। এদিন ভোট দেওয়ার পর তিনি এলাকায় ঘুরছিলেন। সেই সময়েই আচমকা কিছু মানুষ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। স্লোগান দিতে শুরু করেন। অভয়ার মা রত্না দেবনাথের দাবি, তৃণমূল ও সিপিএম কর্মীরা মিলিতভাবেই এই বিক্ষোভ সংগঠিত করেছে। তাঁকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। তিনি স্পষ্টভাবে বিক্ষোভকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বুধবার সকালে ভোট দেওয়ার সময় তিনি নজর কাড়েন। তাঁর পরনে ছিল সাদা শাড়ি, কালো পাড়ে লেখা— ‘মেরুদণ্ড বিক্রি নেই’। ভোট দিয়ে বেরিয়ে তিনি আত্মবিশ্বাসী সুরে বলেন, “আমরাই জিতব, মানুষ আমাদের পাশে আছে।” অন্যদিকে অভয়ার বাবা জানান, মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতেই তাঁরা এই লড়াই চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, বছর দেড়েক আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। পথে নেমে প্রতিবাদে শামিল হন লক্ষ লক্ষ মানুষ। সেই সময় বাম নেতা-কর্মীদের সামনের সাড়িতে থেকে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। যদিও রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মৃত চিকিৎসকের মা তথা বর্তমান বিজেপি প্রার্থী রত্না দেবনাথ অভিযোগ করেন, তাঁর মেয়েকে নিয়ে বামেরা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। এর বিরুদ্ধে রত্না প্রতিবাদ জানান। এরপরই তিনি পানিহাটি থেকে বিজেপির টিকিটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।


Share