Assembly re-election

ইভিএম কারচুপির পর ফলতায় কড়া নিরাপত্তায় হল পুনর্নির্বাচন, ৮৬ শতাংশ ভোটদান

কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি বুথে আট জন করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ফলতা
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৯:১১

ইভিএম কারচুপির অভিযোগে বাতিল হওয়া ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হল। নির্বাচন কমিশন সূত্রে খবর, এ দিন কেন্দ্রে মোট ৮৬ শতাংশ ভোট পড়েছে। গত ২৯ এপ্রিলের ভোটে একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ সামনে আসার পরই পুরো কেন্দ্রের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল কমিশন।

এ বার ফলতার প্রতিটি বুথে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি বুথে আট জন করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন ছিল। উল্লেখ্য, আগের ভোটে বুথ পিছু মাত্র চার জন জওয়ান অর্থাৎ হাফ সেকশন বাহিনী ছিল। পুনর্নির্বাচনে সেই সংখ্যা দ্বিগুণ করে মোট ২৮৫টি বুথের জন্য প্রায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিগত নজরদারিতেও ছিল বিশেষ জোর। প্রতিটি বুথের ভিতরে দুটি এবং বাইরে একটি করে ওয়েব ক্যামেরা বসানো হয়। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়ার লাইভ ওয়েবকাস্টিং করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সরাসরি সেই সম্প্রচার পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে ফলতার একাধিক বুথে ইভিএমের বোতামে সেলোটেপ ও সুগন্ধি লাগিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর কারচুপির অভিযোগ উঠেছিল। তৎকালীন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এলাকা পরিদর্শন করে প্রায় ৬০টি বুথে ইভিএম টেম্পারিংয়ের প্রমাণ পান বলে কমিশন সূত্রে দাবি। বুথের সিসিটিভি ও ওয়েবকাস্টিং ফুটেজ নষ্ট করার চেষ্টার অভিযোগও ওঠে। পাশাপাশি পোলিং অফিসার ও বুথ স্তরের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল। এরপরেই পুরো কেন্দ্রের নির্বাচন বাতিল করে সব বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আগামী ২৪ মে ফলতা কেন্দ্রের ভোটগণনা হবে।


Share