Assembly Election

বিজেপি ক্ষমতায় এলে সাংবাদিকদের ভাতা দেবে সরকার, সাংবাদিক বৈঠকে জানালেন শমীক ভট্টাচার্য

রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের অভিযোগ, বর্তমান সরকারের শাসনকালে সুযোগ-সুবিধা সীমিত। তা কয়েক জনের মধ্যেই আটকে থাকে। বিজেপির প্রস্তাবিত নীতিতে সেই বৈষম্য থাকবে না।

সাংবাদিক বৈঠক করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৮:৩০

আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সাংবাদিকদের উদ্দেশে বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক পাঁচ হাজার টাকার ভাতার ব্যবস্থা করা হবে।

রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের অভিযোগ, বর্তমান সরকারের শাসনকালে সুযোগ-সুবিধা সীমিত। তা কয়েক জনের মধ্যেই আটকে থাকে। বিজেপির প্রস্তাবিত নীতিতে সেই বৈষম্য থাকবে না। তাঁর কথায়, “অনেক সাংবাদিক কঠিন আর্থিক অবস্থার মধ্যে কাজ করছেন। তাঁদের সামাজিক সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা ক্ষমতায় এলে নিরপেক্ষ ভাবে এই ভাতা প্রদান করব।”

সাংবাদিকদের জন্য আর্থিক বা সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ অবশ্য নতুন নয়। একসময় লখনউয়ে প্রবীণ সাংবাদিকদের সরকারি বাংলো দেওয়া হত। আবার মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সাংবাদিকদের জন্য ট্রেন ভাড়ায় ৫০% ছাড়ের ব্যবস্থা করেছিলেন, যা তাঁদের পরিবারও পেত।

ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সাংবাদিকদের জন্য পেনশন বা ভাতার ব্যবস্থা রয়েছে। হরিয়ানাতে মাসিক ১০ হাজার টাকা পেনশন দেওয়া হয়। রাজস্থান, উত্তরপ্রদেশ, অসম এবং তামিলনাড়ুতেও সাংবাদিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “লক্ষ্মীর ভাণ্ডার”-এর পাল্টা হিসেবে যেমন বিজেপি ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড এনেছে, তেমনই সাংবাদিকদের জন্য এই ভাতার ঘোষণা করে একটি গুরুত্বপূর্ণ সচেতন শ্রেণির সমর্থন পাওয়ার চেষ্টা করছে। শমীক ভট্টাচার্যের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার চালিয়েছেন। তাঁর আমলে প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের সরকার গড়তে পারেননি।” সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করা হবে বলে দাবি করেছেন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।


Share