Abhishek Banerjee

নির্বাচনের সময় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিধাননগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের

জানা গিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারায় এবং ভারতীয় ন‍্যায় সংহিতার ১৯২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩(১)(সি) ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১১:৫৪

এ বার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার রাজীব সরকার নামে এক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ জানিয়েছেন। তিনি বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা। অভিযোগ, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একাধিক মন্তব্য করেছেন। 

সূত্রের খবর, ২৭ এপ্রিল এক জনসভায় বিজেপিকে চ‍্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন গডফাদার তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।” 

এই সেই মন্তব্যের প্রেক্ষিতেই তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। তাঁর দাবি, এমন মন্তব্য উসকানিমূলক, দু’পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং অশান্তি ছড়ানোর জন্য যথেষ্ট। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে অভিষেক এই ধরনের মন্তব্য করেছেন। 

তাঁর আরও অভিযোগ, অভিষেক মহেশতলা, আরামবাগ, হরিণঘাটা এবং নন্দীগ্রামের জনসভা থেকেই এ সব উসকানিমূলক মন্তব্য করেছেন। তিনি যে সব মন্তব্য করেছেন, সেই সমস্ত ভিডিয়ো এখনও তাঁর সমাজমাধ্যমের অ্যাকাউন্টে ভাসছে। রাজীববাবু বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

জানা গিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারায় এবং ভারতীয় ন‍্যায় সংহিতার ১৯২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩(১)(সি) ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। 


Share