Leander Paes

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ টেনিস তারকার! দলে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে

গোয়া নির্বাচনের আগে ২০২১ সালে ২১ নভেম্বর মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু তৃণমূলের হয়ে কোনও ক্ষেত্রেই সক্রিয় ভূমিকায় লিয়েন্ডারকে দেখা যায়নি।

(বাঁ দিক থেকে) লিয়েন্ডার পেজ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১২:০৫

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার রাতে নিউ টাউনে পাঁচ তারা হোটেলে তিনি যান। এর পরেই বিরোধী শিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এ দিন রাত ৯টা নাগাদ কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজকে নিউ টাউনের হোটেলে ঢুকতে দেখা যায়। সেই হোটেলেই থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বিজেপি সূত্রের খবর, সর্বভারতীয় সভাপতির সঙ্গে বেশ কিছু ক্ষণ লিয়েন্ডার কথা বলেছেন। তার পরে লবিতে বেশ কিছু বিজেপির নেতাদের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায়। তবে সেই সব বিজেপির নেতারা সবাই ভিনরাজ‍্যের।

বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে। প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থিতালিকা ঘোষণা করেছে। পরের দফায় ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রায় সব আসনে প্রার্থিতালিকা ঘোষণা করা হলেও এখনও ৩৮টি আসন নিয়ে টানাপোড়েন চলছে। তার মধ্যেই একটি আসনে কি এ বার টেনিস তারকাকে লড়তে দেখা যাবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

লিয়েন্ডারের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে দলের একটি অংশ উড়িয়ে দিচ্ছেন না। আবার ভোটের টিকিট নিয়েও কুলুপ এঁটেছেন তাঁরা। কবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, তা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে বলেই মনে করছেন তাঁরা। বিজেপি সূত্রের খবর, প্রায় আট মাস আগে দিল্লিতে দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

গত ৮ নভেম্বর লিয়েন্ডার পেজ বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব নেন। কয়েক মাসের মধ্যে নতুন ভূমিকায় তাঁকে দেখতে পেয়ে চমক বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, তিনি মাইকেল মধুসুদন দত্তের উত্তরসূরি।

প্রসঙ্গত, গোয়া নির্বাচনের আগে ২০২১ সালে ২১ নভেম্বর মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু তৃণমূলের হয়ে কোনও ক্ষেত্রেই সক্রিয় ভূমিকায় লিয়েন্ডারকে দেখা যায়নি।


Share