Assembly Election

আজকের মধ‍্যেই জেলাশাসকের বাংলো খালি করে দিতে হবে, বদলি হওয়া আইএএস অফিসারদের নির্দেশ নির্বাচন কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যেই নির্বাচন কমিশন একাধিক জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে। সেই জায়গায় নতুন জেলাশাসক নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১২:০৬

জেলাশাসকেরা বদলি হয়ে গিয়েছন কিন্তু এখনও পর্যন্ত বাংলো খালি করেননি। ফলে নতুন জেলাশাসকদের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ বার তা নিয়ে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, ২২ মার্চ, রবিবারের মধ্যে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যেই নির্বাচন কমিশন একাধিক জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে। সেই জায়গায় নতুন জেলাশাসক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কমিশনের নজরে এসেছে, কিছু কিছু জেলাশাসক বদলি হয়ে গেলেও তাঁরা বাংলো খালি করেননি। জেলাশাসকের বাংলো তাঁর কার্যালয় হিসেবেও ব‍্যবহৃত হয়। ফলে বর্তমানে যে সমস্ত আধিকারিকেরা জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁদের কাজ করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে।

মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলাশাসকের বাংলো কমিশনের তালিকায় রয়েছে। যা এখনও পর্যন্ত খালি করা হয়নি। শুক্রবার দুপুরে একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-সহ কমিশনের প্রতিনিধিরা। সেই বৈঠকেই কমিশন নির্দেশ দিয়েছে, যাঁরা বদলি হয়ে গিয়েছেন তাঁদের ওই সমস্ত বাংলো খালি করে দিতে হবে। ২২ মার্চ, রবিবারে মধ‍্যেই তা অবিলম্বে খালি করে দিতে হবে। কমিশনের নির্দেশ পাওয়ার পরেই নির্দেশিকা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।


Share