Assembly Election

আগামীকাল ভোট গণনা, রাতে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

বিধানসভা নির্বাচনে দু’ফায় হয়েছে। শেষ দফার ভোট হয়েছে গত ২৯ এপ্রিল। সেই দফায় কলকাতার বিধানসভার আসনগুলিও ছিল। সেই দিন বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। স্বাধীনতার পরে রেকর্ড সংখ্যক মানুষ ভোটদান করেছেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১১:৪০

আগামী পাঁচ বছর রাজ‍্যের শাসক ক্ষমতায় কোন দলের হাতে যেতে চলেছে তা সোমবারই স্পষ্ট হবে। ভোট গণনার আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সেই বৈঠকে কমিশনের স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্তও থাকার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

আগামীকাল, সোমবার ২৯৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ৭৭টি কেন্দ্রে ভোট গণনার কাজ হবে। ফলতা বিধানসভায় নির্বাচন বাতিল হওয়ায় সেখানে গণনা হচ্ছে না। বাকি যে সব কেন্দ্রে গণনার কাজ হবে, সেসব জায়গায় প্রস্তুতি এখন কী পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

এই বৈঠকে সমস্ত কেন্দ্রের জেনারেল অবজার্ভার, পুলিশ অবজার্ভার, জেলাশাসক, জেলা পুলিশের সুপার, রিটার্নিং অফিসারেরা থাকবেন বলে জানা গিয়েছে। কমিশন সূত্রের খবর, এই বৈঠকে গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের কাছ থেকে প্রস্তুতি নিয়ে বিস্তারিত রিপোর্ট নেবেন। কমিশনের নির্দেশ ঠিকঠাক ভাবে পালন করা হয়েছে কি না তা-ও জানতে চাইবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। এর পাশাপাশি, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিতে পারেন বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনে দু’ফায় হয়েছে। শেষ দফার ভোট হয়েছে গত ২৯ এপ্রিল। সেই দফায় কলকাতার বিধানসভার আসনগুলিও ছিল। সেই দিন বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। স্বাধীনতার পরে রেকর্ড সংখ্যক মানুষ ভোটদান করেছেন। এই বিপুল ভোটের প্রশংসা করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তও। তবে মানুষের রায় আপাতত ইভিএমের মধ‍্যেই বন্ধ রয়েছে। সোমবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়ে যাবে। বিকেলের দিকেই পরিষ্কার হয়ে যেতে পারে, আগামী পাঁচ বছর কোন রাজনৈতিক দল শাসন করতে চলেছে। 


Share