Election Commission

ভোটের আগে বড় পদক্ষেপ, জামিনে বাইরে থাকা অভিযুক্তদের সুরক্ষা প্রত্যাহারে স্টেটাস রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

বৃহস্পতিবার জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন স্পষ্ট নির্দেশ দেয়, ওই দিন রাত ১২টার মধ্যেই ‘অপ্রয়োজনীয়’ নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। এবার সেই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয়েছে, তা খতিয়ে দেখতেই স্টেটাস রিপোর্ট তলব করা হয়েছে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১০:০৪

বিধানসভা ভোটের আগে কড়া অবস্থান নিল, নির্বাচন কমিশন। জামিন বা প্যারোলে জেলের বাইরে থাকা ব্যক্তি, ফৌজদারি মামলার অভিযুক্ত এবং অপরাধমূলক অতীত রয়েছে এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহার সংক্রান্ত স্টেটাস রিপোর্ট চেয়েছে কমিশন। রাজ্য পুলিশের নোডাল অফিসারকে শুক্রবার দুপুর ১২টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিশনের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন স্পষ্ট নির্দেশ দেয়, ওই দিন রাত ১২টার মধ্যেই ‘অপ্রয়োজনীয়’ নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। এবার সেই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয়েছে, তা খতিয়ে দেখতেই স্টেটাস রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি, যাঁরা পদমর্যাদা বা নিরাপত্তা-ঝুঁকির নিরিখে আর সরকারি সুরক্ষা পাওয়ার যোগ্য নন, তাঁদের ক্ষেত্রেও নিরাপত্তা তুলে নেওয়ার নির্দেশ বহাল রয়েছে।

কমিশন আরও জানিয়েছে, জামিনঅযোগ্য মামলার অভিযুক্ত অথচ এখনও গ্রেফতার হয়নি এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আগামী ১০ দিনের মধ্যে তাঁদের গ্রেফতারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এর আগেই সপ্তাহের শুরুতে কমিশন নির্দেশ দিয়েছিল, প্রতিটি বিধানসভা কেন্দ্রে থানার ওসি বা এসএইচও-দের মাধ্যমে অশান্তিপ্রবণ এলাকা চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আগের নির্বাচনে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ‘দুষ্কৃতী’ ও ‘গুন্ডা’দের তালিকাও প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল।


Share