Election Commission

নির্বাচনের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলাশাসক ইউনিস রিশিন ইসমাইলের বিরুদ্ধে বিধি ভেঙে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ উঠেছিল। নির্বাচনের দামামা বেজে যাওয়ার পরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে দেখছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১২:০৩

নির্বাচনের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেখানে নতুন জেলাশাসক নিযুক্ত করা হচ্ছে। আজ, সকালের মধ্যেই তাঁকে দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক ইউনিস রিশিন ইসমাইল নির্বাচনের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছেন। ডেটাবেসে কিছু চুক্তিভিত্তিক কর্মীর হদিশ মিলেছে। এর পরেই রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নজরে সেটা এসেছে। তার পরেই মনোজকুমার আগরওয়ালের দফতরে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে ইউনিস রিশিনরে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেছে।

পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে নিরঞ্জন কুমারকে। তাঁকে বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে দায়িত্ব নিতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে নিরঞ্জন কুমার তালিকা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন।

কমিশনের আগেই জানিয়েছিল, নির্বাচনের কাজের কোনও চুক্তিভিত্তিক কর্মীদের রাখা যাবে না।  কমিশনের নির্দেশের পরেও কেন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করায় নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে মনে করছে কমিশন। কার নির্দেশে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হল তা নিয়ে রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।


Share