Election Commission

বুথে পরিকাঠামো ঘাটতিতে ক্ষুব্ধ নির্বাচন কমিশন, প্রতিটি জেলায় সচিব নিয়োগের নির্দেশ

এদিকে বুধবার রাজ্যের সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকে বসবেন। বৈঠকে পর্যবেক্ষকদের দায়িত্ব, কাজের অগ্রগতি এবং ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০৯:৫৪

রাজ্যের বহু ভোটকেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামোর ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, বুথের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্য প্রশাসনের হলেও বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই কাজে যথাযথ অগ্রগতি হয়নি। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় সচিব পদমর্যাদার একজন করে আধিকারিক নিয়োগ করতে নবান্ন-কে নির্দেশ দিয়েছে কমিশন। ওই আধিকারিকদের দায়িত্ব হবে সংশ্লিষ্ট জেলাগুলিতে বুথের পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখা।

এদিকে বুধবার রাজ্যের সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকে বসবেন। বৈঠকে পর্যবেক্ষকদের দায়িত্ব, কাজের অগ্রগতি এবং ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। কমিশন পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সাধারণত প্রতি পুলিশ জেলা বা কমিশনারেট এলাকায় একজন পুলিশ পর্যবেক্ষক থাকলেও এবার সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি করা হয়েছে।

অন্যদিকে, রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া নামের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে। সোমবার রাতে নির্বাচন কমিশন জেলা ভিত্তিক ডিলিটেড ভোটারের তালিকা প্রকাশ করে। মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনার আওতায় আনা হয়েছিল। তার মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে, আর ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২টি নাম। সব মিলিয়ে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫।  


Share