Election Commission

ভোটার তালিকা থেকে নাম বাদ? ট্রাইবুনালে আবেদনের পূর্ণ প্রক্রিয়া জানাল নির্বাচন কমিশন

কমিশনের নির্দেশ অনুযায়ী, নাম বাদ পড়লে অনলাইন ও অফলাইন দুই ভাবেই পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স’ ট্যাবে ক্লিক করে আবেদন জানাতে হবে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৫৪

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। বিবেচনাধীন ভোটারদের নাম সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। তাঁরা ইতিমধ্যেই নিষ্পত্তির কাজ শুরু করেছেন। তবে বিবেচনাধীন তালিকা থেকে কারও নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইবুনালে আবেদন করতে পারবেন আদালতের সেই নির্দেশ মেনেই শুক্রবার প্রক্রিয়াটি স্পষ্ট করে জানাল কমিশন।

কমিশনের নির্দেশ অনুযায়ী, নাম বাদ পড়লে অনলাইন ও অফলাইন দুই ভাবেই পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স’ ট্যাবে ক্লিক করে আবেদন জানাতে হবে। তবে এই সুবিধা শুধুমাত্র তাঁদের জন্য, যাঁরা আগে থেকেই বিবেচনাধীন তালিকায় ছিলেন। নতুন করে নাম তোলার জন্য বাইরে থেকে কেউ ট্রাইবুনালে আবেদন করতে পারবেন না। একই ব্যবস্থায় প্রয়োজনে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদনও জানানো যাবে।

অফলাইনে আবেদন করতে হলে জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে লিখিত আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট আধিকারিক সেই আবেদন অনলাইনে আপলোড করবেন, তবে মূল আবেদনপত্র সংরক্ষণ করতে হবে। কমিশন জানিয়েছে, সাদা কাগজে পরিষ্কারভাবে নিজের বক্তব্য লিখে আবেদন জমা দিতে হবে। সঙ্গে উল্লেখ করতে হবে নিজের ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর। যদি কারও নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ জানানো হয়, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির এপিক নম্বরও উল্লেখ করতে হবে।

অনলাইন ও অফলাইনে জমা পড়া সমস্ত আবেদন নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট জেলাশাসক। ১৯৫০ সালের আরপি আইনের ধারা এবং কমিশনের গাইডলাইন মাথায় রেখে ট্রাইবুনালের আবেদনের নিষ্পত্তি করতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল। ধাপে ধাপে সেই তালিকার নিষ্পত্তি চলছে। এখনও পর্যন্ত ন’টি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় ৫৪ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ নাম বাদ পড়েছে। সেই বাদ পড়া ভোটারদের জন্যই এবার ট্রাইবুনালে আবেদনের পদ্ধতি নির্দিষ্ট করে জানাল কমিশন। 


Share