Assembly Election 2026

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হবে রবিবারই, বিকেলে সাংবাদিক বৈঠক ডাকল নির্বাচন কমিশন, কমতে পারে দফা

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে নির্বাচন ঘোষণা হবে রবিবার। তার আগে বিজ্ঞান ভবনে প্রস্তুতি তুঙ্গে। কিছু দিন আগেই মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ রাজ‍্যগুলিকে ঘুরে ঘুরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:৩৮

রবিবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল ৪টের সময় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত থাকবেন। সেখান থেকেই নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর, আগের চেয়ে দফা কমতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এক দফা নির্বাচন করতে সুপারিশ করেছে। বিধানসভা-সহ একাধিক নির্বাচন এর আগে একাধিক দফায় হয়েছে। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচন আট দফায় হয়েছিল। এ বার আর তা না হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন সূত্রের খবর, এক, দুই সর্বোচ্চ তিন দফায় নির্বাচন হতে পারে। প্রথম দফার ভোট হবে আগামী নববর্ষে পরে। কম দফায় নির্বাচন হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করবে নির্বাচন কমিশন। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে নির্বাচন ঘোষণা হবে রবিবার। তার আগে বিজ্ঞান ভবনে প্রস্তুতি তুঙ্গে। কিছু দিন আগেই মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ রাজ‍্যগুলিকে ঘুরে ঘুরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। রাজ‍্যের রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক হয়েছে। কমিশন সূত্রের খবর, আগের চেয়ে অনেক দফা কমিয়ে দেওয়া হবে। তার সঙ্গে বাড়বে নজরদারি।

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের নির্দেশে যে সমস্ত ভোটারের নথি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি তা যাচাই করার দায়িত্ব বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাই কোর্ট রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকদের নিয়োগ করেছে। তাঁরাই ৬০ লক্ষের বেশি নথি যাচাই করছেন। প্রায় ১৭ লক্ষের কাছাকাছি নথি নিস্পত্তি করা সম্ভব হয়েছে। সেইমতো অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই তা প্রকাশ‍্যে আসার সম্ভাবনা রয়েছে।


Share