Santosh Pathak

‘এ বারই পিসি-ভাইপোর বিসর্জন হবে,’ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বললেন সন্তোষ, চৌরঙ্গি থেকে হতেন পারেন প্রার্থী

কংগ্রেস ছেড়ে সন্তোষ পাঠকের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রদেশ কংগ্রেসের এক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজ করা হলেও তিনি তাঁর কোনও প্রতিক্রিয়া দেননি।

বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১০:৫৯

সন্তোষে সন্তুষ্ট বিজেপি। বিজেপিতে যোগ দিলেন মধ‍্য কলকাতার প্রভাবশালী কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। তিনি পরপর চারবার কংগ্রেসের টিকিটে কলকাতা পুরসভায় কাউন্সিলর হন। বিজেপিতে যোগ দিয়েই সন্তোষ বলেন, “আমাকে হারানোর অনেক চেষ্টা পিসি ভাইপো করেছিলেন। তবে এ বার মোদীজির নেতৃত্বে তৃণমূলের বিদায় হবেই।”

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল, কংগ্রেস নেতা সন্তোষ পাঠক বিজেপিতে যোগদান করবেন। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ব্রিগেডের মঞ্চে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেবেন। সেখানে তা না হলেও সোমবার বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয়ে রাজ‍্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। তিনি কংগ্রেসের টিকিটে চারবার কলকাতা পুরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক মহলের জল্পনা, তিনি কলকাতার চৌরঙ্গি বিধানসভা থেকে প্রার্থী হতে পারেন। তবে সেই বিষয়ে যে দলই সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা।

সোমবার সন্তোষ বলেন, “আমি ৪৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। এর আগের নির্বাচনে ওই আসনটি নেওয়ার জন‍্য পুলিশকে দিয়ে ছাপ্পা ভোট করিয়েছে। আগের নির্বাচনের সময় পুলিশ মুখ বেঁধে ছাপ্পা দিয়েছে। ধরতে গিয়ে পালিয়ে গিয়েছিল।” এর পরেই তিনি বলেন, “এ বারে মোদীজির নেতৃত্বেই পিসি-ভাইপোর বিসর্জন হয়ে যাবে। আমরা ব্রাহ্মণ। আমরা বিয়েও করাই। আবার শ্রাদ্ধ করাই। এ বারে শ্রাদ্ধের কাজটা আমারই করাব। মনে হয়ে আমরাই তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করে দেবে।”

সন্তোষ আরও বলেন, “তৃণমূল পিসি-ভাইপোর নেতৃত্বে যে ভাবে ভোট করে, এ বারে আর তা হবে না। শমীকবাবু, শুভেন্দুবাবুর নেতৃত্বে আর তা করতে দেওয়া হবে না।” তবে কংগ্রেস নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়েছেন। এ বিষয়ে রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “কংগ্রেস এখন অতীত। কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে যা বলার বিজেপির মুখপাত্রেরা বলবেন।”

সোমবার সন্ধ্যায় রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন সন্তোষ পাঠক। রাজ‍্য বিজেপির সভাপতি বলেন, “পশ্চিমবঙ্গ তৃণমূল নামক একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। আজকে তা থেকে মুক্ত করতে, পরিবর্তনের স্বার্থে, ২০২৬-এ তৃণমূলকে বিসর্জনের স্বার্থে আমাদের মধ্যে সামিল হয়েছেন।”

কংগ্রেস ছেড়ে সন্তোষ পাঠকের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রদেশ কংগ্রেসের এক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজ করা হলেও তিনি তাঁর কোনও প্রতিক্রিয়া দেননি।


Share