Election Commission

‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন’, ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকির অভিযোগ উঠতেই নিরাপত্তা জোরদার করতে ফের জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারীক

রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। সেখানে তিনি প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১১:২৮

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকির অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, এলাকায় ভোটারদের যেন কোনও রকম ভয় বা চাপে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তা রবিবারের মধ্যেই কার্যকর করতে বলা হয়েছে।

অভিযোগ উঠেছে, ডায়মন্ড হারবার এলাকায় কয়েকটি বাইকে চড়ে দুষ্কৃতীরা ঘুরে বেড়িয়ে হুমকি দিচ্ছে। এমনকি বাইক মিছিল থেকে , ‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন’ এই ধরনের স্লোগানও দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি কমিশনের নজরে আসতেই কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ জারি করা হয়েছে।

এদিকে, রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। সেখানে তিনি প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি, প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে এলাকায় সামগ্রিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন। এরপর সেখান থেকে পূর্ব বর্ধমানের কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। দ্বিতীয় দফার নির্বাচনে কাকদ্বীপ এবং কাটোয়া দুটি কেন্দ্রেই ভোটগ্রহণ হবে। কাটোয়াতেও তিনি প্রার্থী, নির্বাচনী এজেন্ট, প্রশাসনিক এবং নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, গত শুক্রবার ডায়মন্ড হারবারে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও-সহ মোট পাঁচজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে মুখ্যসচিবকে জানানো হয়, আচরণবিধি লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগেই তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরই সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করা হয়।


Share