Assembly Election

ফলপ্রকাশের আগেই সিসিটিভি বিতর্কে তোলপাড় বারাসত, স্ট্রং-রুমের মনিটর বন্ধের অভিযোগে সরব প্রার্থী, তদন্তে নামল প্রশাসন

মনিটর বন্ধ হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে যান্ত্রিক ত্রুটি নাকি ইচ্ছাকৃত, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।

মোতায়েন করা হয়েছে বাহিনী
নিজস্ব সংবাদদাতা, বারাসত
  • শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:৫৫

দুই দফার বিধানসভা নির্বাচন শেষ, আগামী ৪ মে ফলপ্রকাশ। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছে ইভিএম এবং কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সব কেন্দ্র। কমিশনের নির্দেশে স্ট্রং-রুমে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির ব্যবস্থাও রয়েছে।

তবে ভোটগণনার আগেই উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট কলেজে বিতর্কের সূত্রপাত। এই কেন্দ্রেই বারাসত, দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হওয়ার কথা। শনিবার সকালে অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী অভিযোগ করেন, ‘বিষয়টি আমি অশোকনগরের রিটার্নিং অফিসার, ইলেকশন ইনচার্জ, এডিএম এবং ডিএম-এর কাছে এই বিষয়ে নিয়ে অভিযোগ জানিয়েছি।’

ঘটনার খবর পেয়ে দ্রুত গণনাকেন্দ্রে পৌঁছে তিনি বিষয়টি রিটার্নিং অফিসার, ইলেকশন ইনচার্জ, এডিএম ও ডিএম-এর কাছে লিখিতভাবে জানান। প্রার্থীর দাবি, অবজার্ভার তাঁকে দু’ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন।

নারায়ণ গোস্বামী হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্তোষজনক ব্যাখ্যা না মিললে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেও নামবেন।

অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র মনিটরটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল, তবে স্ট্রং-রুমের ভিতরের ক্যামেরা সচল ছিল এবং রেকর্ডিংও ঠিকভাবে হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মনিটর বন্ধ হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে যান্ত্রিক ত্রুটি নাকি ইচ্ছাকৃত, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।


Share