Exit Poll

পাল্লা ভারী বিজেপির, খাতা খুলবে কংগ্রেস, বিরোধী আসনে তৃণমূল, বলছে বুথ ফেরত সমীক্ষা

রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “হরিয়ানা, দিল্লি বা বিহারের নির্বাচনের পরেও বুথ ফেরত সমীক্ষা এসেছিল। কিন্তু ফলাফলের পরে সেই সমীক্ষা ছাপিয়ে গিয়ে বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করেছে।”

(বাঁ দিক থেকে) শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৯:৩৬

প্রথম দফায় ভোট পড়েছে ৯৩ শতাংশ। দ্বিতীয় দফাতে এখনও ভোটদানের হার ছাড়িয়ে গিয়েছে ৯২ শতাংশে। বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা দাবির, এই নির্বাচনে পরিবর্তন হতে পারে। বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে।

ভোটকুশলী সংস্থা ZICHT Research-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি ১৭৭ থেকে ১৮৭টি আসন পেতে পারে। বর্তমানের শাসকদল, তৃণমূল পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। বামেরা খাতা খুলতে পারে আবার নাও পারে। বামেরা সর্বাধিক মাত্র একটি আসন জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে ZICHT Research।

চাণক্য স্ট্র্যাটেজি-এর সমীক্ষকেরাও বিজেপিকে অনেকটাই এগিয়ে রাখছে। ওই সংস্থা দাবি করেছে, বিজেপি ১৫০ থেকে ১৬০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল জেতার সম্ভাবনা রয়েছে ১৩০ থেকে ১৪০টি আসন। অন‍্যান‍্যরা পেতে পারে চার থেকে ছ’টি বিধানসভা আসন। 

প্রজা পোল অ্যানালেটিক্স-এর বলছে, বিজেপি পেতে পারে ১৭৮ থেকে ২০৮টি আসন। তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। অন‍্যন‍্যরা পেতে পারে শূন্য থেকে পাঁচটি আসন।

ম্যাট্রিজ-এর দাবি, বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। সংস্থার সমীক্ষকেরা বলছেন, বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন। তৃণমূল পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন। অন‍্যন‍্যরা ছয় থেকে দশটি আসন পেতে পারে।

পোল ডায়েরি-এর দাবি, বিজেপি পেতে পারে ১৪২ থেকে ১৭১টি আসন। তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। বামেরা পেতে পারে তিন থেকে পাঁচটি আসন। তবে এই সংস্থাও বিজেপিরই সরকার গঠনের সম্ভাবনাকে জোরদার করেছে। 

পিপলস পালস-এর সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে ৯৫ থেকে ১১০টি আসন। তৃণমূল পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টি আসন। বামেরা পেতে পারে শূন্য থেকে একটি আসন। এই সংস্থার দাবি, প্রত‍্যাবর্তণ হচ্ছে না। তৃণমূলই রাজ‍্যের ক্ষমতা ধরে রাখবে। তবে বিজেপির আসন বাড়বে।

জনমত-এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৯৫ থেকে ২০৫টি আসন। ৯০ থেকে ৯৫টি আসনে জিততে পারে বিজেপি। এই সংস্থাটিও তৃণমূলের প্রত‍্যাবর্তণ হচ্ছে বলে দাবি করেছে।

জেভিসি-এর দাবি, তৃণমূল এবং বিজেপির মধ্যে সোয়ানে সোয়ানে লড়াই হবে। তৃণমূল পেতে পারে ১৩১ থেকে ১৫২টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৫৯টি আসন।

তবে প্রতিটি সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস খাতা খুলতে পারে। ZICHT Research-এর সমীক্ষায় বলা হয়েছে, এক থেকে তিনটি আসন কংগ্রেসের দখলে যেতে পারে। চাণক‍্য-এর দাবি, দুই থেকে চারটি আসন পেতে পারে। পেল ডায়েরি-এর বক্তব্য, তিন থেকে পাঁচটি আসন কংগ্রেস পেতে পারে। পিপলস পালস-এর সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস এক থেকে তিনটি আসন পেতে পারে। 

বুথ ফেরত সমীক্ষা নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাঁদের মতে এই নির্বাচনে পুনরায় তাঁরাই সরকার গঠন করবে। একই ভাবে বিজেপিও বুথ ফেরত সমীক্ষায় নজর দিতে নারাজ। এই বিষয়ে রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “হরিয়ানা, দিল্লি বা বিহারের নির্বাচনের পরেও বুথ ফেরত সমীক্ষা এসেছিল। কিন্তু ফলাফলের পরে সেই সমীক্ষা ছাপিয়ে গিয়ে বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করেছে।”


Share