RG Kar Case

আরজি করের নিহতের মাকে পানিহাটিতে প্রার্থী করল বিজেপি, তৃতীয় দয়ায় ১৯ জনের তালিকা প্রকাশ করল বিরোধী দল

প্রথম দফায় ১৪৪টি আসনের জন‍্য প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। পরে দ্বিতীয় দফায় ১১১টি আসনে প্রার্থিতালিকা ঘোষণা করে। বুধবার বিজেপি আরও ১৯টি আসনের জন‍্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এখনও ১৯টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।

আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মাকে প্রার্থী করল বিজেপি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৯:৩১

বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে চলেছেন আরজি কর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের মা। জল্পনা সত্যি করে রত্না দেবনাথকে প্রার্থী করল বিজেপি। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভায় বিজেপির টিকিটে লড়বেন।

আরজি কর মেডিকেলের নিহত তরুণী চিকিৎসক উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা ছিলেন। তাঁর মা রত্না দেবনাথ আগেই বিজেপির টিকিটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিজেপির সদস্যপদও নিয়েছিলেন। তিনি আগেই জানিয়েছিলেন, তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

সেদিন রত্না জানিয়েছিলেন, “পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা নেই। তৃনমূলের দুর্নীতির জন‍্য কোনও মানুষই ভালো নেই।” তাঁর কথায়, বিজেপি তাঁকে অনেক আগেই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বলেছিল। কিন্তু সেসময় তিনি রাজি ছিলেন না। সেই মুহূর্তে তিনি নিজেই বিজেপির সঙ্গে যোগাযোগ করে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তিনি সেদিন এ-ও জানান, তৃণমূলকে রাজ্য থেকে পদচ্যুত করতে একমাত্র বিজেপিই পারে। তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

পানিহাটি থেকে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিদায়ী বিধায়ক নির্মল ঘোষকে টিকিট দেয়নি। বদলে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে। সেখানে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে টানাপোড়েন চলছিল। বুধবার বিজেপি জানিয়ে দিল, তৃনমূলকে হারাতে পানিহাটিতে যোগ‍্য প্রার্থী আরজি কর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের মা।

প্রথম দফায় ১৪৪টি আসনের জন‍্য প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। পরে দ্বিতীয় দফায় ১১১টি আসনে প্রার্থিতালিকা ঘোষণা করে। বুধবার বিজেপি আরও ১৯টি আসনের জন‍্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এখনও ১৯টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।

তৃতীয় দফার প্রার্থী তালিকা অনুযায়ী, উত্তরপাড়ায় প্রার্থী হয়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী। তিনি কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। জল্পনা ছিল, ওই কেন্দ্রে কোনও প্রভাবশালী এক প্রাক্তন তৃণমূল নেতাকে করা হবে। কিন্তু সেই জল্পনায় জল পড়ে গিয়েছে। চুঁচুড়ায় বিজেপির প্রার্থী হয়েছেন সুবীর নাগ। দীপাঞ্জনকুমার গুহকে চন্দননগর থেকে বিজেপি প্রার্থী করেছে। হরিপাল থেকে বিজেপির প্রার্থী হয়েছেন মধুমিতা ঘোষ। সিঙ্গুর থেকে প্রার্থী হয়েছেন অরূপকুমার দাস।

মালদহের ইংরেজবাজার থেকে প্রার্থী হয়েছেন অম্লান ভাদুড়ী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী আশিষ কুন্ডু। অম্লান আগে তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন। তমলুক থেকে প্রার্থী হয়েছেন হরেকৃষ্ণ বেরা। মেদিনীপুর থেকে প্রার্থী হয়েছেন শঙ্কর গচ্ছাইচ। কাটোয়া থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ ঘোষ। সাঁইথিয়া থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণকান্ত সাহা। নলহাটি থেকে প্রার্থী হয়েছেন অনিল সিংহ। শান্তিপুর থেকে প্রার্থী হয়েছেন স্বপন দাস। মোট ১৯ জনের নাম এই তালিকায় রয়েছে।


Share