BJP Fourth List

চতুর্থ তালিকা ঘোষণা করল বিজেপি, ময়নাগুড়িতে প্রার্থী বদলে দিল বিরোধী দল, এখনও বাকি কৃষ্ণনগর উত্তর-সহ ছ’টি আসন

এখনও বাকি রয়েছে ছ’টি আসন। কৃষ্ণনগর উত্তর, দমদম উত্তরের মতো ছ’টি সম্ভাবনাময় বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। সেসব কেন্দ্রের প্রার্থী কবে ঘোষণা হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

১৩টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১১:২৫

আসন্ন বিধানসভা নির্বাচনের জন‍্য চতুর্থ প্রার্থিতালিকা ঘোষণা করল বিজেপি। ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করে দেওয়া হয়েছে। এখনও ছ’টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা বাকি রয়েছে।

এই তালিকা অনুযায়ী প্রার্থী হয়েছেছেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। তিনি গত লোকসভা নির্বাচনেও বীরভূম থেকে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সরকারের কাছ থেকে ‘নো ডিউজ’ ছাড়পত্র না মেলায় মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরে সেখানে প্রাক্তন সঙ্ঘের প্রচারক দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে দল। এ বার প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চৌরঙ্গি থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন প্রভাবশালী কংগ্রেস নেতা সন্তোষ পাঠক। তিনি কিছু দিন আগেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বলেছিলেন, “চুরি, দুর্নীতি থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে পারবে একমাত্র বিজেপি।” এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়। সন্তোষ পাঠককে প্রার্থী করায় এই কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রার্থী হয়েছেন সাংবাদিক মানব গুহ। তাঁকে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা থেকে টিকিট দিয়েছে দল। নাটাবাড়ি বিধানসভায় গিরিজাশঙ্কর রায়কে টিকিট দিয়েছে বিজেপি। তিনি তৃণমূলের প্রার্থী শৈলেন বর্মার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি। হাওড়া দক্ষিণে বিজেপি প্রার্থী করেছে শ‍্যামল হাতিকে। সেখানে তৃণমূলের প্রার্থী নন্দিতা চৌধুরী। তিনি গত বিধানসভা নির্বাচনে প্রাক্তন সাংবাদি রন্থীদেব সেনগুপ্তকে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন।

এর আগে ময়নাগুড়ি বিধানসভায় কৌশিক রায়কে প্রার্থী করেছিল বিজেপি। তার পর থেকে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রার্থীপদ বদলেরও দাবি ওঠে। তাঁদের দাবি ছিল, প্রার্থী না পরিবর্তন করা হলে তাঁরা দলের হয়ে নির্বাচনের কাজ করবেন না। সেই দাবিকে মান্যতা দিল দল। কৌশিক রায়ের প্রার্থীপদ বাতিল করে ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে।

এখনও বাকি রয়েছে ছ’টি আসন। কৃষ্ণনগর উত্তর, দমদম উত্তরের মতো ছ’টি সম্ভাবনাময় বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। সেসব কেন্দ্রের প্রার্থী কবে ঘোষণা হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।


Share