BJP Candidate Announced

কৃষ্ণনগর উত্তরের প্রার্থী দিল বিজেপি, পঞ্চম তালিকা ঘোষণা করল বিরোধী দল, তিনটি কেন্দ্রে প্রার্থী বদল

মধ‍্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি ২০২১ সালে কামারহাটি বিধানসভা আসনে মদন মিত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এ বারের নির্বাচনে তিনি তৃণমূলের হেবিওয়েট প্রার্থী রথীন ঘোষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১০:৩৬

অবশেষে কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। কৃষ্ণনগর উত্তর ছাড়াও আরও পাঁচটি আসনের জন্য প্রার্থিতালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। সেই সঙ্গে তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদলে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি।

বিধানসভা নির্বাচনের জন‍্য গত পাঁচটি দফায় তালিকা প্রকাশ করা হলেও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রকে বাদ রাখা হয়েছিল। এই কেন্দ্রের জন্য প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের নাম উঠে এসেছিল। বিজেপি সূত্রের খবর, সাংগঠনিক ভাবে বিবেচনা করার পরে তা বাতিল হয়ে যায়। তবে সেই সব জল্পনায় জল পড়ে গিয়েছে। সেই কেন্দ্রে বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করবেন তারকনাথ চট্টোপাধ্যায়।

এর আগের দু’টি নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ৫০ হাজারের বেশি ভোটে হেরেছে তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন সদ‍্যপ্রয়াত ‘রাজনীতির চাণক্য’ মুকুল রায়। তারপরে তিনি তৃণমূলে যোগদান করেন। তিনি দল ছাড়লেও বিধায়ক পদ না ছাড়ায় মামলা হাই কোর্টে গড়ায়। দলত‍্যাগ বিরোধী আইনে মামলা হয়। গত ২০২৫ সালের ১৩ নভেম্বর কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ মুকুল রয়ের বিধায়ক পদ বাতিল করার পক্ষে রায় দেয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত দু’টি নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কার্যত বিজেপির ভোটব্যাঙ্কে আঁচড় কাটতে পারেনি। তাই এই কেন্দ্রকে অনেকটাই সুরক্ষিত আসন।

কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র ছাড়াও আরও চারটি কেন্দ্রের জন‍্য প্রর্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। কল‍্যাণী থেকে প্রার্থী হয়েছেন অনুপম বিশ্বাস। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক অম্বিকা রায়কে এ বারে আর টিকিট দেয়নি দল। দমদম উত্তর কেন্দ্র থেকে সৌরভ শিকদারকে প্রার্থী করেছে বিজেপি। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে লড়াই করবেন। মধ‍্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি ২০২১ সালে কামারহাটি বিধানসভা আসনে মদন মিত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এ বারের নির্বাচনে তিনি তৃণমূলের হেবিওয়েট প্রার্থী রথীন ঘোষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

এ ছাড়াও, মোট তিনটি আসনে বিজেপি প্রার্থী বদল করে দিয়েছে। বসিরহাট উত্তর বিধানসভায় প্রার্থী বদল করে কৌশিক সিদ্ধার্থকে প্রার্থী করা হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রার্থী বদলে অভিজিৎ সর্দারকে টিকিট দেওয়া হয়েছে। বেহালা পূর্বেও প্রার্থী বদল করেছে বিজেপি। সেখানে শঙ্কর শিকদারকে টিকিট দেওয়া হয়েছে।


Share