Election Commission

নির্বাচন ঘিরে কমিশনের কড়া পদক্ষেপ, ১৮ জেলায় বিডিও-এআরও বদলি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ মমতার

তালিকায় দিনহাটা-২, ডায়মন্ড হারবার-১, ডায়মন্ড হারবার-২, রামনগর, নন্দীগ্রাম-১ ও ২, নানুর, লাভপুর, সিউড়ি-১, মহম্মদবাজার, ইলামবাজার এবং ময়ূরেশ্বর-১-এর মতো ব্লকের নাম রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৩:৫৪

নির্বাচনের মুখে বড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। একসঙ্গে ৮৩ জন বিডিও ও এআরও-কে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মোট ১৮ জেলার একাধিক গুরুত্বপূর্ণ ব্লক।

তালিকায় দিনহাটা-২, ডায়মন্ড হারবার-১, ডায়মন্ড হারবার-২, রামনগর, নন্দীগ্রাম-১ ও ২, নানুর, লাভপুর, সিউড়ি-১, মহম্মদবাজার, ইলামবাজার এবং ময়ূরেশ্বর-১-এর মতো ব্লকের নাম রয়েছে। পাশাপাশি, যে জেলাগুলিতে এই বদলি কার্যকর হয়েছে, তার মধ্যে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

এদিন সকালে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশিকা জারি করা হয়। ভোটের আগে একসঙ্গে একাধিক আধিকারিক বদলির নির্দেশ ঘিরে আবারও রাজ্য ও দিল্লির টানাপোড়েন স্পষ্ট হয়েছে। এই বদলি প্রসঙ্গে একাধিকবার আপত্তি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, প্রশাসনিক এই রদবদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার কলকাতা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘দেশে যেখানেই ভোট হয়, যে আধিকারিকদের কাজে প্রশ্ন ওঠে, কমিশন তাঁদের অন্যত্র পাঠায়। বাংলায় এটা বেশি হয় কারণ, বেশির ভাগ আধিকারিকই এক প্রকার মমতার ক্যাডার।’

অন্য দিকে রবিবার পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার জন রিটার্নিং অফিসারকে অন্য বিধানসভা কেন্দ্রে বদলি করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতেই নির্বাচন কমিশন রাজ্যের ১৪টি বিধানসভা আসনের রিটার্নিং অফিসার বদল করেছিল। কমিশন সূত্রে জানা যায়, নয় জেলার ১৪ জন রিটার্নিং অফিসারকে সরানো হয়, যাঁদের নিয়োগ হয়েছিল মাত্র পাঁচ দিন আগে। দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

রিটার্নিং অফিসার বদলির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়ে পূর্ব মেদিনীপুরে। সেখানে পাঁচটি বিধানসভা আসনে রদবদল করা হয়েছে। পাশাপাশি আরও ন’টি আসনে কমিশন নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে। সেই তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম।


Share