ভবানীপুরে অমিত শাহের মিছিলে অশান্তির ঘটনায় এফআইআর দায়ের করল পুলিশ, দুই ডিসিকে শোকজ কমিশনের

ঘটনায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। একটি কালীঘাট থানায় অন‍্য দু’টি আলিপুর থানায়। তার ভিত্তিতে কালীঘাট এবং আলিপুরে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর করেছে।

অমিত শাহের মিছিলে অশান্তির ঘটনায় শোকজ দুই ডেপুটি কমিশনার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৭:৫৬

বৃহস্পতিবার রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠানে অশান্তির ঘটনায় এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। এ ছাড়াও, কলকাতা পুলিশের দু’জন ডিসিকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার হাজরা মোড়ে সভা শেষ করে সার্ভে বিল্ডিং-এর দিকে রোড শো শুরু হয়। রোড শো করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতেই তিনি এসেছিলেন। এর এক পর্যায়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার গলির মুখে কয়েক জন তৃণমূল কর্মী মাথায় কালো পতাকা বেঁধে অমিত শাহকে দেখে বিক্ষোভ দেখায়। এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে জুতো দেখানো হয়। বিজেপির কর্মীরাও পাল্টা স্লোগান দেয়। বিজেপির মিছিলের দিক জুতো, ভাঙা ছাতা ছোড়া হয়। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিক (দক্ষিণ)-এর কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পুলিশ সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশে ঘটনায় মোট দুই ডেপুটি কমিশনারকে শোকজ করা হয়েছে। তাঁরা হলেন সিদ্ধার্থ দত্ত এবং মানস রায়। মানস রিজার্ভ ফোর্সে কর্মরত রয়েছেন। সিদ্ধার্থ ডেপুটি কমিশনার-৩ (দক্ষিণ)। কেন এমন অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হল, তা জানতে চাওয়া হয়েছে। আগে থেকেই সেখানে জমায়েত যদি হয়ে থাকে তাহলে কীভাবে অনুমতি দেওয়া হল তা-ও জানতে চাওয়া হয়েছে।

ঘটনায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। একটি কালীঘাট থানায় অন‍্য দু’টি আলিপুর থানায়। তার ভিত্তিতে কালীঘাট এবং আলিপুরে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর করেছে। আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কমিশনের আধিকারিকেরা। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে। মূলত বেআইনি জমায়েত, স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি, সরকারি নির্দেশিকা লঙ্ঘনের মতো অভিযোগ আনা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


Share