Calcutta High Court

নির্বাচনের আবহে একই দিনে ওসি-বিডিও বদল, মামলা দায়ের কলকাতা হাই কোর্টে

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন। সোমবার তিনি কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল-এর ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০২:৪১

নির্বাচন কমিশনের ধারাবাহিক প্রশাসনিক রদবদল ঘিরে রাজ্য-দিল্লি সংঘাত আরও তীব্র হয়েছে। রবিবার সন্ধ্যায় কমিশন একসঙ্গে রাজ্যের ১৭৩টি থানার ওসি ও আইসি বদলির নির্দেশ জারি করে। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে দুপুরে ১৮ জেলার ৮৩ জন বিডিও বদলির নির্দেশও আসে। ফলে একদিনেই মোট ২৬৭ জন প্রশাসনিক আধিকারিকের রদবদল কার্যকর করতে উদ্যোগী হয় কমিশন।

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন। সোমবার তিনি কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল-এর ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন। মামলা দায়েরের অনুমতি চাওয়ার পাশাপাশি দ্রুত শুনানির আবেদনও জানান। আদালত অনুমতি দিয়েছে এবং মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গত ১৫ মার্চ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। এরপর থেকেই নির্বাচন কমিশন পর্যায়ক্রমে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের বদলির নির্দেশ দিতে শুরু করে। সেই তালিকায় পরে যুক্ত হন ওসি, আইসি এবং বিডিওরাও।

রাজ্যের শাসকদল তৃণমূলের অভিযোগ, এত বিপুল সংখ্যক আধিকারিককে একসঙ্গে সরানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও শনিবার কলকাতা সফরে এসে অমিত শাহ বলেন, আধিকারিকদের রদবদলে কোনও অস্বাভাবিকতা নেই। ভোটমুখী রাজ্যে এমনটা খুবই স্বাভাবিক ঘটনা। যদিও এ ভাবে ঝাঁকে ঝাঁকে আধিকারিক বদল খুব একটা দেখা যায় না। এ বার সেই ঘটনাকে সামনে রেখে হাইকোর্টে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।


Share