By Election

উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হতেই দলীয় কর্মীদের ওপর অত‍্যাচার করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, শক্তিপুর থানায় ধর্না দিলেন হুমায়ুন কবির

আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের ভোটগ্রহণ রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রেজিনগর কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টি প্রার্থীর নাম ঘোষণা করেছে।

থানার সামনে ধর্না দিলেন হুমায়ুন কবির।
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯

রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার পরেই জনতা উন্নয়ণ পার্টির কর্মীদের ওপরে অত‍্যাচার করছে পুলিশ! এমন অভিযোগ তুলে নিজেই থানায় বসে ধর্না দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তাঁর অভিযোগ, দলীয় কর্মীদের পুলিশ ক্রমাগত হেনস্থা করে চলেছে।

আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের ভোটগ্রহণ রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রেজিনগর কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টি প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং নওদা— এই দুই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন হুমায়ুন কবির। পরে রেজিনগর কেন্দ্র থেকে তিনি পদত্যাগ করেন। ফলে কমিশন ওই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে। বাবার ছেড়ে যাওয়া আসনে ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

হুমায়ুনের অভিযোগ, উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই জেইউপি নেতা-কর্মীদের পুলিশ হয়রান করছে। হেনস্থা করছে। তার প্রতিবাদেই তিনি শক্তিপুর থানার সামনে ধর্না দিয়েছেন বলে জানান তিনি। হুমায়ুনের অভিযোগ, জনতা উন্নয়ন পার্টির এক কর্মীকে নবগ্রাম থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। ভুয়ো অভিযোগের ভিত্তিতে দলীয় ওই কর্মীকে গ্রেফতার করে আদালত থেকে পুলিশ হেফাজতে নিয়েছে। এমনকী, ওই কর্মীর কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করার অভিযোগও পুলিশের বিরুদ্ধে তিনি করেছেন।

নওদার বিধায়কের দাবি, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় শক্তিপুর থানার ভবনটি ৪২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিয়েছেন। ভবনের রং থেকে শুরু করে জানলা-দরজাও তিনি বানিয়ে দিয়েছেন। এমনকী, তিনি ইলেকট্রিকের ব‍্যবস্থাও তিনিই করে দিয়েছেন বলে দাবি করেন হুমায়ুন।

হুমায়ুন বলেন, “এই থানার দারোগারা, ওসির ক্ষমতা বেড়ে গিয়েছে। অনেক বেশি সাংবিধানিক হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী কথায় কথায় বলছেন জিরো টলারেন্স। আমি অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশনেও বিষয়টি করেছি। প্রতিদিন চিঠি যাবে। এই থানার ওসি রীতিমতো দুর্নীতিগ্রস্ত।”

ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেসও। রেজিনগরে কংগ্রেসের হয়ে লড়বেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিএমও। চার মাস আগের বিধানসভা ভোটে রেজিনগরে প্রার্থী দেয়নি সিপিএম। এই আসনটি তারা ছেড়েছিল কংগ্রেসকে।


Share