TMC-BJP Clash

তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র বাসন্তী, প্রচারে বাধা দেওয়ায় অভিযোগ শাসকদলের কর্মীদের বিরুদ্ধে, আক্রান্ত পুলিশ

ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলেও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ করছে বিজেপি। ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।

বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, বাসন্তী
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৩:৫৯

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। সেখানে বিজেপির নির্বাচনী প্রচার চলাকালীন দু’পক্ষের বচসা শুরু হয়। তা থেকেই রণক্ষেত্রের চেহারা নেয়। সামল দিতে এসে আক্রান্ত হয়েছে পুলিশ। কেন্দ্রীয় বাহিনী সময় মতো না পৌঁছোনো নিয়েও প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুর ১টা নাগাদ বাসন্তীর বাজার এলাকায় বিজেপি প্রার্থী বিকাশ সর্দার দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ করছিলেন। সেই সময় পাশ থেকে এক যুবক মোবাইল ফোনে তাঁদের ভিডিয়ো করছিলেন। বিজেপির কর্মীরা তাঁকে বাধা দেন। বিজেপির দাবি, যে যুবক ভিডিয়ো করছিলেন তিনি স্থানীয় তৃণমূল কর্মী। তাঁকে বাধা দিতে গেলেই বচসা শুরু হয়ে যায়।

বচসা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। মিছিলে পুলিশ থাকলেও তা সংখ‍্যায় কম ছিল বলে দাবি করা হচ্ছে। পুলিশ দু’পক্ষকে সামাল দিতে গেলে পুলিশের ওপরে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। বিজেপির অভিযোগ, সাত থেকে আট জন পুলিশ কর্মীকে মারধর করেছে তৃণমূল কর্মীরা। পুলিশের ব‍্যবহার করা লাঠি দিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই সমাজমাধ‍্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছে বিজেপি। সেখানে দেখা যাচ্ছে, কয়েক জন উন্মত্ত তৃণমূলের কর্মী এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন। এমনকী, ইট দিয়ে মারতে উদ্যত হয়েছেন। মাথার কাছ থেকে তা বেরিয়ে যায়। কোনও মতে পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন ওই বিজেপি কর্মী। ঘটনার পরে তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করেন।

ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা ধরে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলেও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ করছে বিজেপি। ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।


Share