Amit Shah

‘আপনার হাতে সময় খুবই কম আছে, অনুপ্রবেশ আটকাবে বিজেপি,’ মুখ‍্যমন্ত্রী মমতাকে চ‍্যালেঞ্জ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

এ বার বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি যে ক্ষমতায় আসছে, ১০০ শতাংশ নিশ্চিত বলেও দাবি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যে সীমান্তের নিরাপত্তার ছবিও বদলে দেবেন, সে কথাও জানান অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১০:৫৪

অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ‍্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, অনুপ্রবেশের ফলে দেশের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। সার্বিক আর্থ-সামাজিক চেহারাটাই বদলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে থেকে রাজ‍্যকে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব‍্যর্থ হয়েছেন। সামনেই নির্বাচন। তাই তাঁর হাতে আর বেশি সময় নেই। বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপির নেতৃত্বাধীন সরকার এই সমস‍্যার সমাধান করবে।

শনিবার তৃণমূল নেতৃত্বাধীন সরকারের ১৫ বছরের কাজের নিরিখে ‘চার্জশিট’ পেশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনের পাঁচতারা হোটেল থেকে এই ‘চার্জশিট’ পেশ করেন। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বাংলাদেশি অনুপ্রবেশ সমস‍্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অমিত শাহে বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট প্রশ্ন করতে চাই, এত অনুপ্রবেশকারী, আপনার সরকার কি ঘুমোচ্ছে? এ নিয়ে কথা উঠলেই তিনি বলেন, বিএসএফ কী করছে? বিএসএফ তখনই আটকাতে পারে, যখন সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য আমাদের ভূমি দেবেন।”

সীমান্তে কাঁটাতার লাগানোর নিয়ে কলকাতা হাই কোর্টেরও মামলা হয়েছে। সেই মামলায় কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, দেশের সুরক্ষা নিয়ে কোনও আপস করা হবে না। এই রাজ‍্যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। রাজ্য কেন অরক্ষিত জমি অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে না নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। তাঁর বক্তব্য ছিল, না দিলে জমি অধিগ্রহণ আইনের ৪০ নম্বর ধারা প্রয়োগ করে জোর করেই অধিগ্রহণ করতে হবে। এটা জাতীয় সুরক্ষার বিষয়। তাই অবিলম্বে জমি বিএসএফকে দেওয়ার নির্দেশ দেয়। আগামী ৩১ মার্চের মধ্যে নির্দেশ কার্যকর করতে বলা হয়।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “৬০০ কিলোমিটার কাঁটাতার লাগানো যায়নি। স্বরাষ্ট্রসচিব এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে গিয়েছেন। আমি নিজে আপনার অফিসে দেখা করে গিয়েছি। আমরা কোনও রাজনৈতিক ‘ইগো’ রাখিনি। আপনি জমি দেননি।” এর পরেই ইঙ্গিত স্পষ্ট করে অমিত শাহ বলেছেন, “অনুপ্রবেশকারীরা ভোটব্যাঙ্ক। কোনও ব্যাপার নয় মমতাদিদি। আপনার হাতে খুবই কম সময় আছে। ৬মে বিজেপির সরকার হবে। ৪৫ দিনের মধ্যে সব জমি যা কাঁটাতারের জন্য দরকার, তা ভারত সরকারকে বিজেপি সরকার দেবে। আমরা অনুপ্রবেশ আটকাব।”

এ বার বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি যে ক্ষমতায় আসছে, ১০০ শতাংশ নিশ্চিত বলেও দাবি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যে সীমান্তের নিরাপত্তার ছবিও বদলে দেবেন, সে কথাও জানান অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, “এ ভাবে রাজ্যে আর্টিফিশিয়াল (ইচ্ছাকৃত ভাবে) ডেমোগ্রাফি (জনবিন‍্যাস) বদল হচ্ছে। তাতে পশ্চিমবঙ্গের মানুষ ভয়ে বাঁচছেন। নিজের দেশে না সংখ্যালঘু হয়ে যেতে হয়।”তাঁর বার্তা, “সেই ভয় থেকে মুক্তির ভোট এ বার, বার্তা অমিত শাহের। এসআইআর নিয়ে তৃণমূলের বিরোধিতার স্বর চড়ানোর পিছনেও লুকিয়ে অনুপ্রবেশকারীদের সেফ শেল্টার (রক্ষা করা) দেওয়ার চেষ্টা।”

শাহের কথায়, এসআইআর নিয়ে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যে এত অভিযোগ করছেন, আমি রাজ্যের মানুষের কাছে জানতে চাই, যে অনুপ্রবেশকারীদের এখানে রাখা হয়েছে, তারা কি ভবিষ্যৎস্থির করবেন? আমি স্পষ্ট বলে দিতে চাই, পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদেরআমরা বের করতে সংকল্পবদ্ধ। আমাদের এজেন্ডা এটাই। মমতাজি যা খুশি অভিযোগ করতেপারেন।”

এ বার বিজেপিই সরকার গড়ছে এবং সেই জয়ের মধ্যে দিয়ে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে এক দলের শাসন হতে চলেছে, বঙ্গে বসেই সে বার্তা দেন অমিত শাহ।


Share