Assembly Election

নির্বাচনের আগে আবার অপসারিত কালীঘাটের ওসি, আরও দুই থানার ওসিকে সরিয়ে দিল লালবাজার

অমিত শাহের রোড শো’য়ের সামনে কালো পতাকা দেখানোর অভিযোগে আলিপুরের ওসি এবং অতিরিক্ত ওসিকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। এতদিন ওই পদ খালি ছিল। তবে আচমকা কেন এই বদলি করা হয়েছে তা স্পষ্ট ব্যাখ্যা লালবাজার দেয়নি।

কালীঘাট থানা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩৩

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আবার অপসারিত কালীঘাট থানার ওসি। নির্বাচন কমিশনের সুপারিশে কালীঘাট থানার ওসিকে লালবাজার সরিয়ে দেওয়া হয়েছে। শুধু কালীঘাট নয়, আরও দুই থানার ওসিকেও বদলি করে দিয়েছে লালবাজার।

গত ২৯ মার্চ কালীঘাট থানার ওসিকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে ওই থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই নিয়োগের এক মাসের মধ্যেই আবার কালীঘাট থানার ওসিকে বদলি করে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় গৌতম দাসকে কালীঘাট থানার ওসি করা হয়েছে। গৌতম এর আগে স্পেশাল ব্রাঞ্চের ওসি ছিলেন। অপসারিত শনিবার সন্ধ্যায় লালবাজার বিজ্ঞপ্তি জারি করে চার জনের বদলিতে সিলমোহর দিয়েছে।

কালীঘাট থানার ওসি শুধু নন, ওই থানার অতিরিক্ত ওসিকেও সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের উত্তমকুমার পাইককে ওই দায়িত্ব দিয়েছে লালবাজার। এ ছাড়াও, আলিপুর থানার ওসি হয়েছেন সুব্রত পান্ডে। সুব্রত এর আগে স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। উল্টোডাঙা মহিলা থানার ওসিকেও বদলি করেছে লালবাজার। আলিপুর থানার অতিরিক্ত ওসি চামেলি মুখোপাধ্যায়কে ওই থানায় ওসি করা হয়েছে। 

প্রসঙ্গত, অমিত শাহের রোড শো’য়ের সামনে কালো পতাকা দেখানোর অভিযোগে আলিপুরের ওসি এবং অতিরিক্ত ওসিকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। এতদিন ওই পদ খালি ছিল। তবে আচমকা কেন এই বদলি করা হয়েছে তা স্পষ্ট ব্যাখ্যা লালবাজার দেয়নি।

কালীঘাট থানা ভবানীপুর কেন্দ্রের মধ‍্যে পড়ে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র অন‍্যতম হাইভোল্টেজ কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। মমতা-শুভেন্দু দ্বৈরথে রাজনৈতিক পারদ এমনিতেই উর্ধ্বমুখী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে দেখা গিয়েছিল মমতা-শুভেন্দু দ্বৈরথ। ভোটের দিন তিনেক আগে মমতার বাড়ির এলাকার থানার ওসি, অতিরিক্ত ওসি বদল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।


Share