Police Transferred

আবার কালীঘাট থানার ওসি বদল, ২৪ ঘন্টার মধ্যে চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে দিল লালবাজার

স্বয়ংক্রিয় অত‍্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ ছবি ভাইরাল হওয়ার পরে গৌতম দাসকে সাসপেন্ড করে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে আবার কালীঘাটের ওসিকে বদলে দেওয়া হল।

কালীঘাট থানার ওসি হলেন বলাই বাগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০২:৩৫

আবার কালীঘাট থানার ওসিকে বদলি করে দিল লালবাজার। গতকাল কালীঘাট থানার ওসি পদে দায়িত্ব নিতে চামেলি মুখোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে সেই নির্দেশ বাতিল হল। কালীঘাটে থানার নতুন ওসি হলেন বলাই বাগ। তিনি ভাঙড়ের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন।

এই নিয়ে গত ৩৬ দিনে চার বার কালীঘাট থানার ওসিকে বদলি করা হল। রাজ‍্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচন কমিশন রাজ্য এবং কলকাতা পুলিশের একাধিক পুলিশ আধিকারিককে বদলি করেছে। গত ২৯ মার্চ কালীঘাট থানার ওসিকে বদলি করে দেওয়া হয়। গোয়েন্দা বিভাগ থেকে উৎপল ঘোষকে সেই জায়গায় আনা হয়। কিন্তু এক মাসের মধ্যে সেই পদ থেকে উৎপলকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ২৫ এপ্রিল গৌতম দাসকে কালীঘাটের ওসি করে নির্বাচন কমিশন। তিনি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

গত ২মে কালীঘাট থানার ওসিকে সাসপেন্ড করে লালবাজার। তাঁর জায়গায় চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাটের ওসি পদে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়। তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি পদে কর্মরত ছিলেন। কিন্তু রবিবার লালবাজার সেই সিদ্ধান্তে বদল আনল। চামেলি মুখোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহার করা হল। তাঁকে উল্টোডাঙা থানার ওসি পদে রাখার সিদ্ধান্তই বহাল থাকল। তবে কালীঘাট থানার ওসি পদে আনা হল বলাই বাগকে। তিনি ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, সমাজমাধ্যমে কালীঘাট থানার প্রাক্তন ওসি গৌতম দাসের একটি ছবি ভাইরাল হয়। তা ঘিরেই বিতর্ক শুরু হয়। ছবিতে দেখা যাচ্ছে, স্বয়ংক্রিয় অত‍্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ধরে রয়েছেন তিনি। সেই ছবির সঙ্গেই ক‍্যাপশনে লেখা রয়েছে— ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য আমি তৈরি’। এই পোস্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়। পাশাপাশি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও চিঠি পাঠানো হয়।

তার পরেই গৌতম দাসকে সাসপেন্ড করে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে আবার কালীঘাটের ওসিকে বদলে দেওয়া হল।


Share