Election Commission

ভবানীপুরে ভোটের আগেই প্রশাসনিক রদবদল? রিটার্নিং অফিসার নিয়ে তৃণমূলের অভিযোগে নড়েচড়ে বসল কমিশন

মঙ্গলবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বর্তমান রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তার কিছুক্ষণের মধ্যেই কমিশনের তরফে রদবদলের প্রক্রিয়া শুরু হয়।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৯:৫০

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ ঘিরে তৃণমূল কংগ্রেসের আপত্তির পর দ্রুত পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ঘাসফুল শিবিরের অভিযোগের প্রেক্ষিতে বর্তমান রিটার্নিং অফিসার বদলের সম্ভাবনা তৈরি হয়েছে এবং নতুন তিনজন আধিকারিকের নামের প্যানেল চেয়ে নবান্নকে চিঠি পাঠিয়েছে কমিশন। মঙ্গলবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বর্তমান রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তার কিছুক্ষণের মধ্যেই কমিশনের তরফে রদবদলের প্রক্রিয়া শুরু হয়।

গত ২৪ মার্চ তৃণমূল কংগ্রেস কমিশনের কাছে পাঠানো চিঠিতে ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান রিটার্নিং অফিসারের পোস্টিং নিয়ে আপত্তি জানায়। শাসকদলের অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিক অতীতে নন্দীগ্রামের বিডিও থাকাকালীন বিরোধী শিবিরের ঘনিষ্ঠ হিসেবে কাজ করেছিলেন।

কমিশনের সচিব সুজিতকুমার মিশ্র স্বাক্ষরিত চিঠিতে রাজ্যের মুখ্যসচিবকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে তিনজন উপযুক্ত আধিকারিকের নাম পাঠাতে হবে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত নবান্নের পক্ষ থেকে সেই তালিকা কমিশনের হাতে পৌঁছায়নি।

এ দিকে ভবানীপুরে রাজনৈতিক লড়াই আগেই তুঙ্গে, কারণ এখানে মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ফলে রিটার্নিং অফিসার নিয়োগ ঘিরে এই নতুন বিতর্ক নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিল। 


Share