Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর সভায় ড্রোন-কাণ্ডে গ্রেফতার ৩, ভিভিআইপি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে তৎপর হয় পুলিশ, ভিড়ের মধ্য থেকে ড্রোন-সমেত তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, চাঁচল
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৪:৩২

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামসীর নির্বাচনি সভায় সামনে এল গুরুতর নিরাপত্তা ত্রুটির ঘটনা। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের একেবারে সামনে হঠাৎ ড্রোন ওড়ানোকে ঘিরে সভাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় জড়িত অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সভা শেষে মুখ্যমন্ত্রী যখন হেলিকপ্টারে উঠছিলেন, ঠিক সেই সময় কপ্টারের খুব কাছাকাছি একটি ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে তৎপর হয় পুলিশ, ভিড়ের মধ্য থেকে ড্রোন-সমেত তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নুর আক্তার। তিনজনই কাটিহারের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা হরিশচন্দ্রপুরে তৃণমূল প্রার্থী মতিউর রহমানের একটি নির্বাচনি সভায় যোগ দিতে এসেছিল। তবে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে এবং কার অনুমতিতে ড্রোন ওড়ানো হল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য বা বড়সড় ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও প্রশাসন তদন্ত করে দেখছে প্রশাসন।

ভিভিআইপি জোনে এই ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ড্রোনটি কীভাবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের এত কাছে পৌঁছাল, তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা।


Share