Nabanna

দ্বিতীয় দফার ভোটের আগে কড়া নিরাপত্তা! ২৬ অভিজ্ঞ পুলিশ অফিসার মোতায়েন, স্পর্শকাতর এলাকায় বিশেষ নজর

রাজ্য পুলিশের জারি করা নির্দেশিকা অনুযায়ী, তালিকাভুক্ত আধিকারিকদের ২৮ এপ্রিল সকাল ১০টার মধ্যে তাঁদের নতুন দায়িত্বস্থলে যোগ দিতে হবে।

নবান্ন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১১:০১

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা যত এগিয়ে আসছে, ততই জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটের আগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের ২৬ জন অভিজ্ঞ পুলিশ আধিকারিককে বিভিন্ন পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশে বিশেষভাবে মোতায়েন করা হয়েছে।

রাজ্য পুলিশের জারি করা নির্দেশিকা অনুযায়ী, তালিকাভুক্ত আধিকারিকদের ২৮ এপ্রিল সকাল ১০টার মধ্যে তাঁদের নতুন দায়িত্বস্থলে যোগ দিতে হবে। নির্দেশের গুরুত্ব এতটাই বেশি যে, তাঁদের আগাম প্রস্তুতি নিয়েই যোগ দিতে বলা হয়েছে। দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত কেউই সেখান থেকে রিলিজ পাবেন না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

তালিকা থেকে স্পষ্ট, কলকাতা সংলগ্ন কমিশনারেট এবং দক্ষিণবঙ্গের সংবেদনশীল জেলাগুলিতে বেশি সংখ্যায় অভিজ্ঞ আধিকারিকদের পাঠানো হয়েছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে দায়িত্ব পেয়েছেন সিদ্ধার্থ দর্জি, রবিরাজ অবস্তি, সৌম্যজিৎ রায় ও নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড়। হাওড়া পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হয়েছে প্রবীণ প্রকাশকে। বারাসত পুলিশ জেলায় দায়িত্বে রয়েছেন অনিমেষ রায় ও ধীরাজ ঠাকুর। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পাঠানো হয়েছে ডঃ জর্জ অ্যালেন জন এবং আকাশদীপ গেহলটকে। চন্দননগর পুলিশ কমিশনারেটে দায়িত্বে রয়েছেন জে. মার্সি ও উমেশ গণপত খন্ডবাহালে। এছাড়াও আরও ন'টি গুরুত্বপূর্ণ এলাকায় রদবদল করা হয়েছে বলে জানা গিয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, দায়িত্ব পালনকালে নির্বাচন কমিশনের ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ কঠোরভাবে মেনে চলতে হবে। কোনও রকম নিয়মভঙ্গ বরদাস্ত করা হবে না।

এই প্রশাসনিক পদক্ষেপ থেকে স্পষ্ট, দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে অভিজ্ঞ আধিকারিকদের মোতায়েন করে আইন-শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।


Share