Election Commission

প্রথম দফার পরে নজরে দ্বিতীয় দফার নির্বাচন, রাজ‍্যে আসছে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক, সিদ্ধান্ত কমিশনের

ইতিমধ্যেই এই অতিরিক্ত পর্যবেক্ষকদের জন্য ১১ জন পার্সোনাল সিকিউরিটি অফিসার চেয়ে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর, যার কপি কলকাতার পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:৪১

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। এ বার আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ‘হাইভোল্টেজ’ নির্বাচনকে সম্পূর্ণ ঘটনাবিহীন রাখতে নির্বাচন কমিশন বাড়তি সতর্কতা নিতে চলেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রাজ্যে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই এই অতিরিক্ত পর্যবেক্ষকদের জন্য ১১ জন ব‍্যক্তিগত নিরাপত্তা আধিকারিক (পিএসও) চেয়ে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজকুমার বর্মাকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর। যার একটি প্রতিলিপি কলকাতার পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্য থেকে আসা এই পর্যবেক্ষকদের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে মোতায়েন করা হবে।

উল্লেখ্য, প্রথম দফার আগেই প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন সাধারণ পর্যবেক্ষক ও ১০০ জন ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। পুলিশ পর্যবেক্ষক  রয়েছেন ৮৪ জন। নতুন ১১ জন যোগ হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৯৫। যা প্রয়োজনে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রথম দফায় ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন। এই দফায় কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভোট রয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী-সহ একাধিক হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলকাতা ছাড়াও ভাঙড়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের বেশ কিছু স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে পর্যবেক্ষকের সংখ্যা বাড়লেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আপাতত বাড়ছে না। বর্তমানে রাজ্যে থাকা দু'হাজার ৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর একাংশ প্রথম দফার স্ট্রংরুমের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। বাকি বাহিনীকে দ্বিতীয় দফার আটটি জেলায় মোতায়েন করা হবে।

দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে একাধিক নিরাপত্তা বৈঠক ও ভিডিয়ো কনফারেন্স হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্র, ওড়িশা পুলিশের আইজি হীরালাল, সিআরপিএফ ও ভিন রাজ্যের অন্যান্য পুলিশ আধিকারিকরা।

সব মিলিয়ে বুথ এবং তার আশপাশের ১০০ মিটার এলাকায় কড়া নিরাপত্তা বজায় রেখে দ্বিতীয় দফার ভোটেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।


Share