School Service Commission

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় ঘোষণা এসএসসির! ১৮ নভেম্বর থেকে চতুর্থ দফার ইন্টারভিউ, ১৬টি বিষয়ে হবে নথি যাচাই ও লেকচার ডেমোনস্ট্রেশন

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার ইন্টারভিউ ও নথি যাচাইয়ের দিনক্ষণ ঘোষণা করল কমিশন।

স্কুল সার্ভিস কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ১০:১১

উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার ইন্টারভিউ ও নথি যাচাইয়ের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৮ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

কমিশন সূত্রে খবর, চতুর্থ দফায় মোট ১৬টি বিষয়ের প্রার্থীদের নথি যাচাই, মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশন নেওয়া হবে। সংশোধিত প্রাথমিক ইন্টারভিউ তালিকায় নতুন করে যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, মূলত তাঁদেরই এই পর্বে ডাকা হচ্ছে। প্রতিটি বিষয়ের জন্য পৃথক দিন ধার্য করেছে এসএসসি।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের দ্বিতীয় এসএলএসটি-র প্রাথমিক ইন্টারভিউ তালিকা সংশোধন করেছিল স্কুল সার্ভিস কমিশন। গত ২৮ সেপ্টেম্বর সেই সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। এরপর তালিকায় নতুন করে সুযোগ পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ ও নথি যাচাইয়ের কাজ পর্যায়ক্রমে শুরু করে কমিশন। এবার সেই প্রক্রিয়ার চতুর্থ দফার সূচিও প্রকাশ্যে এল।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুষ্টিবিজ্ঞান, রসায়ন, সঙ্গীত, শারীরশিক্ষা, দর্শন, শিক্ষাবিজ্ঞান, সমাজবিদ্যা, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্ট্যান্সি এবং অ্যাগ্রোনমি-সহ মোট ১৬টি বিষয়ে এই পর্বের ইন্টারভিউ নেওয়া হবে।

আগামী ৭ নভেম্বর থেকে এসএসসির সরকারি ওয়েবসাইট www.westbengalssc.com-এ ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। ওই চিঠিতেই ইন্টারভিউয়ের দিন, সময় এবং নথি যাচাই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকবে।

এ দিকে, প্রার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও জারি করেছে কমিশন। অনলাইন আবেদনে জমা দেওয়া তথ্যের স্বপক্ষে সমস্ত প্রয়োজনীয় নথি ও শংসাপত্র ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখতে হবে। যথাযথ নথি দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীপদ বাতিল করার অধিকার রয়েছে কমিশনের।

শুধু তাই নয়, নির্ধারিত দিনে নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনও প্রার্থী অনুপস্থিত থাকলে নিয়োগের পরবর্তী পর্যায়ে আর অংশ নেওয়ার সুযোগ পাবেন না তিনি। তাই নির্ধারিত সূচি মেনে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে প্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।


Share